ঘাটতি কোথায় গিয়ে ঠেকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেখানে ২০১৫-১৬ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ছিল ৬৪৬ কোটি ডলার, সেখানে এক বছরের ব্যবধানে ৯৪৭ কোটিতে পৌঁছানো খুবই উদ্বেগের খবর। এর আগে ২০১১-১২ অর্থবছরে ৯৩২ কোটি ডলারের ঘাটতি ছিল।

চলতি অর্থবছরে বাণিজ্য ঘাটতির পরিমাণ যে আরও বাড়বে সে বিষয়ে সন্দেহ নেই। কেননা, হাওরের আগাম বন্যা ও উত্তরাঞ্চলের সাম্প্রতিক বন্যার কারণে ধান ও অন্যান্য খাদ্যশস্য উৎপাদন অনেক কম হবে। ফলে এ বছর বাড়তি কয়েক লাখ মেট্রিক টন চাল আমদানি করতে হচ্ছে। অন্যদিকে রপ্তানির প্রবৃদ্ধি যদি কমতে থাকে, তাহলে আমাদের বাণিজ্য ঘাটতি কোথায় গিয়ে ঠেকবে?

অস্বীকার করার উপায় নেই যে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশ বরাবরই ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। আমাদের আমদানির চেয়ে রপ্তানির পরিমাণ বেশ কম। চীন ও ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। এমনকি দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। নানামুখী প্রণোদনা ও শুল্ক সুবিধা সত্ত্বেও এটি কমানো যাচ্ছে না। শিল্পকারখানার সরঞ্জাম বা কাঁচামালের জন্য যদি দেশে আমদানি বাড়ে, তা অর্থনীতিতে ধনাত্মক ভূমিকা রাখে। কিন্তু কয়েক বছর ধরে বেসরকারি বিনিয়োগে মন্দাভাব থাকায় বাণিজ্যে তার বিরূপ প্রভাব পড়ছে। এর পাশাপাশি প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণও কমছে।

এ অবস্থায় আমদানি কমাতে না পারলেও রপ্তানির প্রবৃদ্ধি ধরে রাখার বিবকল্প নেই। এ ছাড়া সেবা খাতের ঘাটতি কমাতে হলে আমাদের বন্দরের সক্ষমতা বাড়ানো, পরিবহন ব্যয় কমানো কিংবা দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে হবে। চট্টগ্রাম ও মোংলা বন্দরের দরজা বিদেশিদের জন্য খুলে দিলে বিরাট আর্থিক সুবিধা পাওয়া যাবে বলে যে আশার বাণী শোনানো হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন নেই। এ ক্ষেত্রে আমাদের নীতি বা অবকাঠামোগত যেসব সমস্যা রয়েছে, তা অবিলম্বে দূর করতে হবে। বাণিজ্যের ঘাটতি কমাতে নতুন বাজার ধরা ও রপ্তানিযোগ্য দেশীয় পণ্যের বৈচিত্র্য বাড়ানোর দিকেই নজর দিতে হবে।