পথে পথে ‘পথচারী’ যানবাহন এবং রাস্তা দখলকারী চিরকালই পরস্পরের প্রতিদ্বন্দ্বী। বহু সমীক্ষায় স্পষ্ট, প্রভাবশালী নেতা ও প্রশাসনের কর্তাদের মন জুগিয়ে রাজপথে বা ফুটপাতে একশ্রেণির লোক ব্যক্তিগত ব্যবসা ফাঁদেন। রাস্তার অধিকার যে একমাত্র পথচারী ও যানবাহনের, পথ যে কারও ব্যবসায়িক কেন্দ্র হতে পারে না, এ কথা তাঁদের কাছে স্বীকার্য নয়।
সেই চিরায়ত ছবি দেখা যাচ্ছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ফেরিঘাটে। সেখানে তিন কোটি টাকা ব্যয়ে সরকার ৭ নম্বর ঘাট নির্মাণ করেছে। ঘাটটি চালু হয়েছে গত মাসে। এক মাস না যেতেই ঘাট থেকে মূল মহাসড়ক পর্যন্ত যাওয়া রাস্তায় প্রভাবশালীদের বালু বেচাকেনা শুরু হয়ে গেছে। এতে ফেরিতে গাড়ি ওঠানামা বিঘ্নিত হচ্ছে। রাস্তার ওপর বালু রেখে কেনাবেচা করে পকেট ভারী করছেন প্রভাবশালীরা, আর যানবাহনের চালক, যাত্রী এবং স্থানীয় লোকজনকে তার খেসারত দিয়ে অশেষ ক্লেশ ভোগ করতে হচ্ছে।
অন্যান্য ঘাটের কোনোটি বন্ধ বা কোনোটিতে যান ওঠানামায় অসুবিধা দেখা দেওয়ার পর নবনির্মিত ৭ নম্বর ঘাট দিয়ে যানবাহন ওঠানামা শুরু হয়েছে। ওই ঘাটের সংযোগ সড়কের দুই পাশজুড়ে রয়েছে বিশাল বালুর স্তূপ। সরকারি দলের ছত্রচ্ছায়ায় স্থানীয় প্রভাবশালীরা সড়কের জায়গা আটকে বালুর ব্যবসা চালাচ্ছেন। ফেরিঘাট সংযোগ সড়কের অনেকটা আটকে বিশাল বিশাল বালুর স্তূপ করেছেন তাঁরা। তাঁদের মধ্যে জনপ্রতিনিধিরাও রয়েছেন।
কোনো গাড়ি ফেরি থেকে নামার পর বালুর চাতালের কাছে এলে বিপরীত দিক থেকে আসা গাড়ি মুখোমুখি হয়। এতে সড়ক বন্ধ হয়ে যায়। রাস্তায় ফেরি থেকে আনলোড হওয়া গাড়ির লম্বা লাইন তৈরি হয়। যাত্রীবাহী বাসে বালু উড়ে আসে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। একটু বাতাস হলেই আশপাশের বাড়ির ঘরে বালু ঢোকে। তাতে খাবারদাবার নষ্ট হয়ে যায়।
সরকার কোটি কোটি টাকা খরচ করে সড়কটি বানিয়েছে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার জন্য। আর সেই রাস্তা ব্যক্তিস্বার্থের ব্যবসায় ব্যবহার করে জনভোগান্তি সৃষ্টি যাঁরা করছেন, তাঁদের রুখতে প্রশাসনের শূন্য সহিষ্ণুতা প্রদর্শনে বাধা থাকতে পারে কি না, সেই প্রশ্ন দেখা দিয়েছে। উত্তরটা প্রশাসনকেই দিতে হবে।