বিশ্বজুড়ে এখন মানুষের মৃত্যুর সবচেয়ে বড় একক কারণ নানা ধরনের অসংক্রামক রোগ। বৈশ্বিক এই প্রবণতা বাংলাদেশেও একইভাবে কার্যকর। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে যে পাঁচটি রোগে সবচেয়ে বেশি মানুষ মারা যায়, তার প্রথম চারটিই অসংক্রামক রোগ। এখন এর দিকে নজর দিতে গেলে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা ও কাঠামো যে ধারায় গড়ে উঠেছে, সেখানে বড় ধরনের পরিবর্তন আনতে হবে।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন, বিশ্বব্যাংক এবং জনস্বাস্থ্য ও চিকিৎসা-বিষয়ক বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সাময়িকী ল্যানসেট-এর এক যৌথ বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশে ২০১৫ সালে সবচেয়ে বেশি মানুষ যে রোগে মারা গেছে তা হচ্ছে, মস্তিষ্কের রক্তনালি রোগ। এরপর ধারাবাহিকভাবে বাকি চারটি রোগ হচ্ছে হৃৎপিণ্ডের রক্তনালি রোগ, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ, ডায়াবেটিস ও শ্বাসযন্ত্রের নিচের অংশের সংক্রমণ।
বাংলাদেশের জনসংখ্যা বেড়ে চলেছে। একসময় জনসংখ্যার সবচেয়ে বড় অংশ ছিল শিশু। এখন তরুণ-যুবা ও মাঝবয়সীরাই দেশের জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশ। টিকাদান কর্মসূচি, পয়োব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির কারণে আমাদের দেশে শিশুমৃত্যুর হার কমেছে। অন্যদিকে অসংক্রামক এই ব্যাধিগুলো দেশের মাঝবয়সী জনগোষ্ঠীর জন্য সবচেয়ে বড় মৃত্যুঝুঁকি হিসেবে হাজির হয়েছে।
অসংক্রামক রোগের চিকিৎসা যেমন ব্যয়বহুল তেমনি দীর্ঘ মেয়াদে এর চিকিৎসা করতে হয়। বিশেষজ্ঞ মহলে এটা এখন স্বীকৃত যে এসব রোগ মোকাবিলার ক্ষেত্রে সচেতনতার বিষয়টিই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, এই রোগগুলো অধিকাংশ ক্ষেত্রেই জীবনযাপনের ধরন ও খাদ্যাভ্যাসের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে স্কুল পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করা গেলে এবং জীবনযাপনের ধরনে নির্দিষ্ট কিছু বিষয় মেনে চলা গেলে এসব রোগে পড়ার আশঙ্কা অনেকটাই দূর করা সম্ভব।
আমাদের দেশের যে চিকিৎসা ও স্বাস্থ্য অবকাঠামো, তা সংক্রামক ব্যাধির ঝুঁকি ও বিপদ মাথায় রেখেই দেশজুড়ে গড়ে উঠেছে। এবং তার ফলও পাওয়া গেছে। এখন স্বাস্থ্য অবকাঠামোয় অসংক্রামক রোগের দিকে নজর দেওয়া জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশে সবচেয়ে বেশি মৃত্যুর কারণ যে রোগ, সেই মস্তিষ্কের রক্তনালি রোগ শনাক্ত করার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কার্যকর চিকিৎসা-সুবিধা উপজেলা পর্যায়ে তো নেই-ই, এমনকি অনেক ক্ষেত্রে জেলা পর্যায়েও নেই।
আমরা আশা করছি, সরকার ও স্বাস্থ্য-বিষয়ক নীতিনির্ধারকেরা বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে স্বাস্থ্যসেবাকে ঢেলে সাজাতে ও সে অনুযায়ী বিনিয়োগ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেবেন।