ঘাতকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার সকালে সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল এলাকায় উপজেলার প্রধান ডাকঘরের পাশের জঙ্গলের কূপ থেকে জান্নাতুলের লাশ উদ্ধার করে পুলিশ। ৭ অক্টোবর বিকেলে তাকে অপহরণ করে জামতৈল গ্রামের মাদক ব্যবসায়ী মঞ্জু মিয়া। জান্নাতুলের বাবা আনোয়ার হোসেনও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশ জানিয়েছে, আনোয়ার হোসেনের সঙ্গে মঞ্জুসহ কয়েকজন মাদক ব্যবসায়ীর পুরোনো বিরোধের জেরে জান্নাতুলকে অপহরণ করে খুন করা হয়। পুলিশ ইতিমধ্যে মঞ্জু মিয়াসহ খুনের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করেছে। জিজ্ঞাসাবাদে মঞ্জু জান্নাতুলকে হত্যা করে লাশ কূপের মধ্যে ইটচাপা দিয়ে রাখার কথা স্বীকার করেন। মাদক ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে একটি নিষ্পাপ শিশুকে এভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে অতীতেও অনেক হত্যাকাণ্ড ঘটেছে। এখন ঘটছে শিশু খুনের মতো ঘটনাও।

এ ধরনের মাদক ব্যবসায়ীদের রুখতে হবে। মাদকদ্রব্যের ব্যবসা করা অবৈধ হলেও এ দেশে মাদকের জমজমাট ব্যবসা গড়ে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাকের ডগায় অবাধে বিক্রি হচ্ছে ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য। কিন্তু এ অবস্থা তো বেশি দিন চলতে পারে না। এখন সময় হয়েছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।

এ ছাড়া একজন বয়স্ক মানুষের সঙ্গে আরেকজন বয়স্ক মানুষের স্বার্থের দ্বন্দ্ব থাকতে পারে। শত্রুতা থাকতে পারে। কিন্তু সে জন্য শিশুদের কেন নিশানা করা হবে? কিন্তু দিনের পর দিন আমাদের দেশে এমনটাই হয়ে আসছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। সমাজকে রক্ষার স্বার্থে মানবতার শত্রু এই শিশু অপহরণকারী ও হত্যাকারীদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। জান্নাতুলসহ প্রতিটি শিশুর ঘাতক ও অপহরণকারীকে বিচারের মুখোমুখি করতে হবে।