ঘিওর ও গঙ্গাচড়ায় সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

উন্নয়ন নিয়ে সরকারের প্রচেষ্টার কমতি নেই। রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছোট-বড় প্রকল্পের ছড়াছড়ি। সহজে অর্থও বরাদ্দ হয়ে যাচ্ছে। কিন্তু সেসব উন্নয়ন আদতে কতটুকু টেকসই, অনেক ক্ষেত্রে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। অনিয়ম ও অবহেলা নিয়ে বিস্তর অভিযোগ তো আছেই। রাজধানীর কাছেই মানিকগঞ্জের ঘিওর ও দৌলতপুর উপজেলা এবং রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার দুটি রাস্তার ক্ষেত্রে তেমন চিত্র আমরা দেখতে পাই। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া ঘিওর-দৌলতপুরের জনগুরুত্বপূর্ণ সড়কটি সাত বছরেও সংস্কার হয় না, অন্যদিকে গঙ্গাচড়ায় সড়ক নির্মাণ না করেই প্রকল্পের বরাদ্দ লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। উন্নয়ন বাস্তবায়নে নজরদারি ও আন্তরিক প্রচেষ্টার অভাবে এভাবেই অবহেলিত ও বঞ্চিত হচ্ছে মানুষ।

প্রথম আলোর প্রতিবেদনে জানা যাচ্ছে, ঘিওর সদর থেকে দৌলতপুর উপজেলার শ্যামগঞ্জ পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়ক। ২০১৪ সালের বন্যায় সড়কটির ঘিওরের কুস্তা এলাকায় প্রায় ৪০০ মিটার এবং দৌলতপুর উপজেলার চর খলসি এলাকায় প্রায় ৩০০ মিটার অংশ পাশের ধলেশ্বরী নদীতে ধসে যায়। এ সড়ক দিয়ে ঘিওর ও দৌলতপুর—এ দুই উপজেলার ছয়টি ইউনিয়নের অন্তত ৩০ হাজার মানুষ যাতায়াত করে। দীর্ঘ সাত বছরে ধসে যাওয়া এ সামান্য অংশ মেরামত না করায় এসব মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু চলাচলে নয়, চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, ধান, ভুট্টা, শর্ষেসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহনেও ভোগান্তিতে রয়েছেন কৃষকেরা। স্কুল-কলেজে যাতায়াতে শিক্ষার্থীদেরও বিড়ম্বনায় পড়তে হচ্ছে। কেউ অসুস্থ হলে হাসপাতালে নিতে দুর্ভোগে পড়তে হয়। আর কত বছর পার হলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন সড়কটি সংস্কার হবে, আমরা জানতে চাই। ঘিওরের ইউএনওর আশ্বাস যেন আশ্বাসেই না থেকে যায়।

রংপুরের গঙ্গাচড়ায় বেতগাড়ীতে কাবিটার তিনটি প্রকল্পের কাজ না করে প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করে নিয়েছেন সেখানকার ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান। গত জুনে প্রকল্পগুলোর অধীনে তিনটি রাস্তা সংস্কারের কাজ সমাপ্ত দেখানো হয়েছে। যদিও সেখানে কোনো কাজ হয়নি। কাবিটা প্রকল্পের আওতায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি হিসেবে এখানে শ্রমিকদের কাজ করার কথা ছিল। কাজ না করে টাকা আত্মসাৎ করায় দরিদ্র শ্রমজীবী মানুষেরাও বঞ্চিত হলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জানালেন, তাঁর পক্ষে সব প্রকল্প সরেজমিনে ঘুরে দেখা সম্ভব হয় না। তাঁর এমন বক্তব্য দুঃখজনক। চেয়ারম্যানকে দিয়ে কাজ করে নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রাস্তাগুলো দ্রুত সংস্কার করা হোক।