১ জুলাই থেকে ব্যাংকগুলো যে সুদের হার এক অঙ্কে নিয়ে এসেছে, আমরা তাকে স্বাগত জানাই। ব্যাংকঋণের সুদের হার কমালে দেশের বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে এবং কর্মসংস্থান বাড়বে আশা করা যায়। বর্তমানে ব্যাংকঋণের গড় সুদের হার চীনে ৪ দশমিক ৩, সিঙ্গাপুরে ৫ দশমিক ৩, ভিয়েতনামে ৬ দশমিক ২৫, পাকিস্তানে ৮ দশমিক ২, থাইল্যান্ডে ৭, ইন্দোনেশিয়ায় ৪ দশমিক ৫ ও মালয়েশিয়ায় ৪ দশমিক ৮ শতাংশ।
সে ক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশে সুদের হার কমানোর বিকল্প ছিল না।
সম্প্রতি সংবাদ সম্মেলন করে এফবিসিসিআই সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে। দীর্ঘদিন থেকেই ব্যাংকঋণের সুদের হার কমানোর দাবি উঠেছিল ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের কাছ থেকে। সরকারও বেসরকারি ব্যাংকমালিকদের সংগঠন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশকে (বিএবি) এ বিষয়ে তাগিদ দিয়ে আসছিল। কিন্তু ব্যাংকমালিকেরা সরকারের কাছ থেকে আগে সুবিধা আদায় করে পরে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিলেন। চলতি অর্থবছরের বাজেটে ব্যাংকের করপোরেট কর ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩৭ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। এ ছাড়া একই পরিবারের চারজন এবং একনাগাড়ে নয় বছর পর্যন্ত পরিচালক থাকার আইনটিও তাঁরা পাস করিয়ে নিয়েছেন।
অন্যান্য দেশে আমানত ও ঋণের সুদের হারের ফারাক থাকে আড়াই থেকে ৩ শতাংশ। কোনো কোনো দেশে আরও কম। অথচ আমাদের দেশে সেই ব্যবধান পাঁচ কিংবা তারও বেশি ছিল। ফলে ব্যাংক ঋণগ্রহীতাদের কাছ থেকে উচ্চ হারে সুদ নিলেও আমানতকারীদের তারা খুবই কম সুদ দিত। তদুপরি সেই সুদের ওপর নানা ধরনের কর ও সার্ভিস চার্জ কাটা হতো। সরকার ও ব্যাংকমালিকদের মনে রাখা প্রয়োজন, ব্যাংকের আমানতের বেশির ভাগই আসে সাধারণ আমানতকারীদের কাছ থেকে। উদ্যোক্তারা খুব বেশি হলে ১৫ থেকে ২০ শতাংশ আমানতের জোগান দিয়ে থাকেন।
এফবিসিসিআইয়ের সভাপতি সংবাদ সম্মেলনে ব্যাংকিং খাতের সংকট উত্তরণে তথা খেলাপি ঋণ আদায়ে একটি টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছেন। আমরা মনে করি, এই দাবি যৌক্তিক। ব্যাংকিং খাতে বর্তমানে যে অস্থিরতা চলছে, তার প্রধান কারণ খেলাপি ঋণ। তবে প্রস্তাবিত টাস্কফোর্স সফল হবে কি না, সেটি নির্ভর করছে কাদের নিয়ে সেটি গঠিত হয় এবং সেই টাস্কফোর্সের সুপারিশগুলো বাস্তবায়িত হচ্ছে কি না। এর আগে শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশের বেশির ভাগই বাক্সবন্দী হয়ে আছে। খেলাপি ঋণের দুটি ধরন আছে—ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত। অনেক উদ্যোক্তা ঋণ নেনই ফেরত না দেওয়ার জন্য। তাঁদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। আদালতে মামলা ঠুকে যেন কেউ বছরের পর খেলাপি থাকতে না পারেন, সে জন্য প্রয়োজনে আইন পরিবর্তন করতে হবে।
এফবিসিসিআই সভাপতি সংবাদ সম্মেলনে খেলাপি ঋণের যেসব তথ্য তুলে ধরেছেন, তা উদ্বেগজনক। ব্যাংকিং খাতে নন-পারফর্মিং লোন (এনপিএল) বা খেলাপি ঋণের পরিমাণ ৮৮ হাজার ৫৮৯ কোটি টাকা (গত মার্চ পর্যন্ত)। এর আগে প্রথম আলোর প্রতিবেদনে খেলাপি ঋণ এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে বলে জানানো হয়েছিল। উল্লেখযোগ্য পরিমাণে খেলাপি ঋণ কমিয়ে আনতে পারলে সুদের হার কম হলেও ব্যাংকগুলো বেশি ব্যবসা করতে পারবে।
অর্থমন্ত্রী যে ব্যাংক কমিশন গঠনের ঘোষণা দিয়েছিলেন, দেশের মানুষ অবিলম্বে তারও বাস্তবায়ন দেখতে চায়। ঘুরে দাঁড়াক ব্যাংকিং খাত।