ঘুষ এখন সবখানেই চলে, সরকারের কোনো বিভাগ বা অফিস এর বাইরে নেই। এর পরও পুলিশ আর ঘুষ সব সময়ই মিলেমিশে একাকার। অপরাধীরা পুলিশকে ঘুষ দেয় বাঁচতে, আবার যিনি অপরাধের শিকার হয়েছেন, সেই বেচারাকেও ঘুষ দিতে হয় পুলিশের সেবা নিতে। এ সবই আমাদের জানা। কিন্তু এবার এক গবেষণার ফলাফলে আমরা জানলাম, ঘুষ দিয়ে পুলিশের কাছ থেকে জনগণ যে সেবা পায়, তাতেও সন্তুষ্ট বেশির ভাগ লোক! এই গবেষণার ফলাফল যে কঠিন সত্যকে তুলে ধরল, তা হচ্ছে, ঘুষ বিষয়টিকে সম্ভবত জনগণ স্বাভাবিক হিসেবেই মেনে নিতে শুরু করেছে!ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস কর্মসূচি’ সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের কাছে সেবা নিতে যান এমন লোকজনের ওপর একটি জরিপ চালিয়েছে। জরিপের তথ্য থেকে এটা স্পষ্ট হয়েছে যে মামলা বা সাধারণ ডায়েরি—এ ধরনের সেবা গ্রহণের ক্ষেত্রে পুলিশকে ঘুষ দেওয়ার বিষয়টি একটি রীতিতে পরিণত হয়েছে। কোনো রীতি সমাজে দীর্ঘদিন ধরে চলতে থাকলে তা প্রাত্যহিক জীবনযাপন ও সংস্কৃতির অংশ হয়ে যায়। এ কারণেই হয়তো ৪৯ দশমিক ৯ শতাংশ লোক পুলিশের সেবায় সন্তোষ প্রকাশ করেছেন। এ তথ্য আমাদের উদ্বিগ্ন না করে পারে না। জনগণ সরকারের কাছ থেকে বিভিন্ন সেবা চায়। পুলিশের সেবাও জনগণের দরকার। কিন্তু ঘুষ না দিলে যদি সেবা না মেলে, তবে কী করবে জনগণ? জনগণ এমনি এমনি ঘুষকে মেনে নেয়নি, মানতে বাধ্য হয়েছে। অবস্থাটা এমন দাঁড়িয়েছে, ঘুষ দিয়েও যদি সেবা মেলে! কিন্তু ঘুষ বা দুর্নীতির বিপদ হচ্ছে, ঘুষ দিয়ে শুধু সেবাই মেলে না, এটা দিয়ে অবৈধভাবে সুবিধা আদায় করা যায় বা কাউকে অবৈধভাবে সুবিধা থেকে বঞ্চিত করা যায়। ঘুষকে মেনে নেওয়ার মানসিকতা যদি আমাদের মধ্যে অবচেতনে ঢুকে পড়ে থাকে, তবে বুঝতে হবে, জাতি হিসেবে আমাদের বড় সর্বনাশ হয়ে গেছে।দুর্নীতির বিরুদ্ধে যাঁরা কাজ করছেন, সমাজ নিয়ে যাঁরা ভাবেন বা দায় অনুভব করেন, তাঁদের বিষয়টি গভীরভাবে ভেবে দেখার অনুরোধ জানাই।