সৎসাহসের কথা আমরা জানি। সৎসাহসের বশে প্রতিবাদ করা যায়। আরেক রকমের সাহস হলো অসৎসাহস। ঘুষ খাওয়ার জন্য এই সাহস আবশ্যক। চট্টগ্রামে বিটিসিএলের দুই কর্মকর্তা ঘুষ দাবি করে অসৎসাহস দেখিয়েছিলেন। কিন্তু বিপত্তি বাধে যাঁর কাছে ঘুষ চাওয়া হয়েছিল তাঁর সৎসাহসের জন্য। তিনি দুদকে অভিযোগ করে ঘুষ দাবিকারীদের ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। ঘুষের দায়ে ধরা পড়া বিরল ঘটনা। হাতেনাতে ধরা পড়ে ঘুষকলঙ্কের উদাহরণ হওয়ার জন্য দুই ঘুষখোরকে আমরা ‘অভিনন্দন’ জানাতে পারি!
চট্টগ্রামে বিটিসিএলের নন্দনকানন কার্যালয়ের দুই কর্মকর্তা তাঁদেরই এক সহকর্মীর পেনশনের ফাইল ছাড়ার বিনিময়ে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন। উপায়ান্তর না দেখে অবসরপ্রাপ্ত ওই ব্যক্তি দুদককে অবহিত করে ঘুষ দিতে যান। তাঁরই সৎসাহসের জন্য ঘুষখোরেরা ধরাও পড়েন। ঘটনা সেখানেই শেষ নয়, ওই কার্যালয়ের প্রধান সহকারী ও বিভাগীয় প্রকৌশলীর (অভ্যন্তরীণ) কক্ষের আলমারি থেকে বের হয় ২ লাখ ৩৪ হাজার টাকা ও ৮৫ লাখ টাকার সঞ্চয়পত্র। ফলে তিনিও ফেঁসে যান। আটক করা হয় তিনজনকে। এই ঘটনার শিক্ষা কী? অধিকাংশ ক্ষেত্রে ঘুষ খাওয়ার পরিণাম যদি ওই দুজনের মতো হতো, তাহলে অধিকাংশই ঘুষ না খাওয়ার বিষয়টিই শিখতেন। কিন্তু সেটা যেহেতু হয় না, সেহেতু যাঁরা ঘুষ খান তঁাদের খেয়ে ঘুষ হজম করার ব্যাপারে আরও কৌশলী না হলে আর রক্ষা নেই!
তাঁদের এ জন্যও ধন্যবাদ যে ঘুষের টাকাগুলো বাড়িতে না নিয়ে তাঁরা দপ্তরের আলমারিতেই লুকিয়ে রেখেছিলেন। ঘুষের চর্চা এতই সহজাত হয়ে গিয়েছিল যে ঘুষের অর্থ নিজ দপ্তরেই রেখে দিতে দ্বিধা করেননি তাঁরা। এখন তাঁদের উপযুক্ত বিচারের জন্যই অপেক্ষা। কিন্তু দুদকসহ সরকারের নীতিনির্ধারক মহলও এ থেকে শিখতে ও জানতে পারে যে দুর্নীতি কত বিস্তৃত হয়ে গেছে। এতই যে, নিজেদের পেনশনের ফাইল ছাড়াতে এক অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে নিজের সহকর্মীদেরও ঘুষ দিতে হয়!