৩০ লাখ টাকা ‘ঘুষ’ নেওয়ার পর যখন শাস্তি হিসেবে শুধু দুটি বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ করা হয়, তখন আসলে ঘুষের জয়ধ্বনিই ঘোষিত হয়। এই ঘটনা যে দৃষ্টান্ত স্থাপন করল, তাতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর জোরেশোরে ঘুষ খেতে কোনো সমস্যা থাকার কথা নয়!
পাথর তুলতে যে বোমা মেশিন ব্যবহার করা হয়, তার বিরুদ্ধে অভিযান চালাতে উচ্চ আদালতের নির্দেশ রয়েছে। কিন্তু সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সে কাজটি বন্ধ ছিল। পরে পরিবেশ অধিদপ্তর সেখানে অভিযান চালালে পাথর ব্যবসায়ীরা খেপে যান, কারণ তাঁরা তো ‘ঘুষ’ দিয়ে ইউএনও আসিফ ইবনে ইকরামকে হাত করে রেখেছেন। ‘ঘুষ’ দেওয়ার পরও যদি কাজ না হয়, তবে পাথর ব্যবসায়ীরা তো খেপবেনই!
এ নিয়ে তদন্ত হলো। প্রমাণিত হলো যে দুই দফায় চেকের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে ৩০ লাখ এবং তা জমা হয়েছে সেই ইউএনওর স্ত্রীর ব্যাংক হিসাবে! এটাকে ঘুষ না-বলার কী কারণ থাকতে পারে, তার জবাব আমাদের সরকারের জ্যেষ্ঠ সচিবই ভালো দিতে পারবেন! কারণ, তাঁর কাছে এটা বিবেচিত হয়েছে সামান্য ‘অসদাচরণ’ হিসেবে। ঘুষ হিসেবে বিবেচিত হলে তা হতো ফৌজদারি অপরাধ, মামলা হতো, চাকরিও যাওয়ার কথা। এখন দুটি বছরের বেতন বৃদ্ধি বাতিল করার যে ‘শাস্তি’ দেওয়া হলো, তাতে আসলে ওই ইউএনওর কী আসে যায়! যেখানে এক লেনদেনেই মেলে ৩০ লাখ টাকার ঘুষ!
এই দৃষ্টান্তের পর সরকারি কর্মকর্তারা ঘুষ খাওয়া বন্ধ করতে যাবেন কোন দুঃখে। বেতন না থাকুক উপরি আছে কি না, সেই বিবেচনায় চাকরি এবং বদলির তদবিরের যে কথা শোনা যায়, তা যে মোটেও অমূলক নয়—ওই ইউএনও তার এক চমৎকার দৃষ্টান্ত। আর সচিব মহোদয়ের ব্যাখ্যা এই উপরিপ্রত্যাশীরা উৎসাহিত হলে নাগরিককুলের আর কীই–বা করার আছে? একে ‘অসদাচরণ’ হিসেবে সিদ্ধান্ত দেওয়ার জন্য তো জ্যেষ্ঠ সচিবরা রয়েছেনই। মহাসমারোহে এখন তবে ঘুষ খাওয়াই চলুক!