ঘুষের বিনিময়ে চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ঘুষের দৌরাত্ম্য সর্বত্র। অনেক সময় চাকরি পাওয়ার জন্য যোগ্যতার চেয়ে ঘুষ দেওয়ার সক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সরকারি অফিসে কোনো গুরুত্বপূর্ণ ফাইল আটকে গেলে তাকে ছাড়াতে প্রায় ক্ষেত্রে ঘুষ দিতে হয়। তখন ফাইল গতি পায়। ঘুষের এই বিশেষ গুণের জন্য একে ইংরেজিতে বলা হয়,‘স্পিড মানি’ বা গতিসঞ্চারক টাকা!কিন্তু ঘুষ আবার মহাবিপদ ডেকে আনতে পারে। এ রকম একটি ঘটনা গত রোববার প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ছাপা হয়েছে। দিনাজপুর-৬ আসনের সাংসদের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী কাম পিয়ন পদে নিয়োগ দেওয়ার অপচেষ্টার অভিযোগ উঠেছে। এতে স্বাভাবিকভাবেই সরকারি দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা খেপে গেছেন। তাঁদের রাগের যথেষ্ট কারণও আছে। জানা গেছে, টাকা ছাড়া চাকরি হবে না, এ কথা শুনে দলীয় লোকজন নাকি প্রতি পদের জন্য এক লাখ টাকা করে ঘুষ দিতে রাজি হয়েছিলেন। কিন্তু সেটা চাকরি পাওয়ার জটিল পথকে যথেষ্ট পিচ্ছিল করার জন্য যথেষ্ট না হওয়ায় জামায়াত-বিএনপির লোকজনের কাছ থেকে চার-পাঁচ লাখ করে টাকা নিয়ে চাকরির বন্দোবস্ত করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।সরকারি দলের লোকজন এত বোকা! অন্যায় কাজে ন্যায়নীতি আশা করেন কীভাবে? যা-ই হোক, তাঁরা সাংসদকে ধাওয়া করেন। বেগতিক দেখে সাংসদ চম্পট দেন।সাংসদ অবশ্য দাবি করেছেন, তিনি ঘুষ নেননি, নিয়ম অনুযায়ী নাকি লোক বাছাই করা হচ্ছিল। কিন্তু এসব মুখের কথায় কি চাকরির সম্ভাবনাবঞ্চিত দলীয় লোকজন সন্তুষ্ট হবেন?শেষ রক্ষা যে নিয়োগ-প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হতে হবে। যাঁরা ঘুষ দিয়েছেন, যাঁরা ঘুষ দিতে চেয়েছেন আর যিনি ঘুষ নিয়েছেন—এই তিন পক্ষের বিরুদ্ধে একটি মামলা করা উচিত। তখন বোঝা যাবে ‘স্পিড মানি’ কাহাকে বলে!