মঙ্গলবার সকালের দিকে ঘূর্ণিঝড় ‘মোরা’ যে শক্তি নিয়ে বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছিল সে তুলনায় ক্ষয়ক্ষতি কমই হয়েছে। ১০ নম্বর মহা বিপৎসংকেত ঘোষণা ও পরিস্থিতি মোকাবিলায় নেওয়া প্রস্তুতি বেশ কার্যকর ছিল। বিশেষ করে স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে লোকজনকে যথাসময়ে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ায় মানুষের জীবন রক্ষা পেয়েছে, যদিও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। এটাও স্বস্তিদায়ক যে ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছে ভাটার সময়।
ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে সময় লাগবে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে বোঝা যাচ্ছে, সেটি আঘাত হেনেছে মূলত কক্সবাজার জেলায়। আমাদের কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন, সদর উপজেলাসহ টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়া ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে টিনশেডের ও কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত এবং গাছপালা ভেঙে গেছে। সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপের মতো অঞ্চলের অধিকাংশ বসতি ও গাছপালা কার্যত লন্ডভন্ড হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের আঘাত টের পাওয়া গেছে কুতুবদিয়া, হাতিয়া, সদ্বীপ, ভোলা, চাঁদপুর, নোয়াখালী ও সীতাকুণ্ডেও এ পর্যন্ত ৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। কক্সবাজারের বিভিন্ন উপজেলায় বেশ কিছু লোক নিখোঁজ রয়েছে।
ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের মাধ্যমে মানুষের জীবন রক্ষা করা গেছে ঠিকই, কিন্তু যাদের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে তাদের জন্য সামনে এক কঠিন সময় অপেক্ষা করছে। অনেকের বাসায় মজুত ধানচালের মতো খাবার নষ্ট হয়েছে। বাড়িঘর মেরামত ও নতুন করে নির্মাণ না করা পর্যন্ত তাদের অনেককে আশ্রয়কেন্দ্রেই থাকতে হবে। জেলা প্রশাসনের প্রাথমিক এক হিসাবে কক্সবাজার জেলায় কমপক্ষে ২০ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ফলে এটা ধরে নেওয়া যায় যে অন্তত লক্ষাধিক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।
বাড়িঘর হারানো ছাড়াও ওই এলাকার লোকজনের জীবন-জীবিকার ওপরও বড় আঘাত হেনেছে এই ঘূর্ণিঝড়। পানের বরজ বিধ্বস্ত হয়েছে, শুঁটকিপল্লি ক্ষতিগ্রস্ত হয়েছে, সবজির খেত মাটিতে মিশে গেছে। ফলে এটা পরিষ্কার যে এই ঘূর্ণিঝড়ের ক্ষত কাটাতে যথেষ্ট সময় লাগবে।
ঘূর্ণিঝড়ের সময় জনগণের জীবন রক্ষার প্রাথমিক কাজটি সারা গেছে। এখন দরকার দুর্গত লোকজনের জন্য যথাযথ সহায়তা নিশ্চিত করা। জেলা ও উপজেলা প্রশাসনের তরফে প্রাথমিক ত্রাণ তৎপরতা শুরুর খবর পাওয়া গেছে। তবে প্রয়োজনের তুলনায় তা সামান্য বলে আমাদের প্রতিনিধিরা মনে করছেন। আমরা আশা করব, ক্ষয়ক্ষতির দিকটি বিবেচনায় নিয়ে সরকার ও প্রশাসনের তরফে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বিপর্যস্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ঠিক করতেও জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে হবে।