আবারও রক্তাক্ত হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস। বর্বরতম এই হামলায় সন্ত্রাসীদের নির্বিচার শিকার হয়েছে সাধারণ মানুষ। মৃতের সংখ্যা ১২৭ ছাড়িয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম খবর দিয়েছে। নিহত ব্যক্তিদের স্বজন ও ফরাসি জনগণের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা। আমরা এই ঘৃণ্য হামলার নিন্দা জানাই।
সন্ত্রাস যে মাত্রায় বৈশ্বিক রূপ নিয়েছে, তাতে বিশ্বের কোনো দেশ বা শহর এখন আর নিজেদের নিরাপদ হিসেবে বিবেচনা করতে পারে না। যথেষ্ট নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থার পরও দেখা যাচ্ছে আরও ভয়ংকর ও বীভৎসভাবে ঝাঁপিয়ে পড়ছে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে একই সময়ে ছয়টি স্থানে হামলার ঘটনা, আক্রমণের জায়গা বাছাই, ও যে কায়দায় হামলা হয়েছে, তাতে এটা পরিষ্কার যে এই হামলা দীর্ঘ পরিকল্পনার ফল, সুসংগঠিত সন্ত্রাস।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এ ঘটনার জন্য ইসলামিক স্টেট বা আইএসকে দায়ী করেছেন। এরপর আইএসও ঘটনার দায় স্বীকার করেছে। ফ্রান্স একদিকে আইএসবিরোধী কোয়ালিশনের একটি শরিক দেশ, অন্যদিকে এই দেশটি থেকে শত শত নাগরিক সিরিয়ায় গেছে আইএসের পক্ষে যুদ্ধ করতে। তাদের অনেকে আবার ফ্রান্সে ফিরেও এসেছে। হামলার পেছনে এই বাস্তবতা কাজ করেছে বলে ধরে নেওয়া যায়।
ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্স সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত। আমাদের মনে আছে, শার্লি এবদো পত্রিকার অফিসে হামলার পর ফরাসি প্রধানমন্ত্রী ‘দেশ যুদ্ধের মধ্যে রয়েছে’ মন্তব্য করে একই সঙ্গে এটা স্পষ্ট করেছিলেন যে এই যুদ্ধ ইসলামের বিরুদ্ধে নয়। জাতি–ধর্ম–বর্ণনির্বিশেষে ফরাসি নাগরিকেরা শান্তি মিছিল নিয়ে রাস্তায় নেমে সেই শুভবোধকেই সমর্থন জানিয়েছিল। বর্তমান শোচনীয় পরিস্থিতিতেও দেশটিতে তাদের সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের আদর্শ সবকিছুর ঊর্ধ্বে জায়গা পাবে, সেটাই প্রত্যাশিত।
বিশ্বনেতারা প্যারিসে জঘন্য হামলার পর ফ্রান্সের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
ফ্রান্স ও এর জনগণ বর্তমান মর্মান্তিক পরিস্থিতি কাটিয়ে উঠুক।