ঘের উচ্ছেদ না করে তিতাস খনন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদ খননের উদ্দেশ্য হচ্ছে নৌপথের নাব্যতা রক্ষা করা। মাছের ঘের উচ্ছেদ না করে যদি খনন করা হয়, তাহলে নাব্যতা রক্ষা হবে কী করে? এভাবে অপরিকল্পিতভাবে নদ খনন করার মানে হচ্ছে বিপুল পরিমাণ অর্থের অপচয় করা। লোক দেখানো এই কারবার চলতে পারে না।

অবৈধ মাছের ঘের অপসারণে বাধা কোথায়? ঘেরমালিকদের দাবি হচ্ছে, ঘের সরিয়ে নেওয়ার ব্যাপারে তাঁদের কেউ কিছু বলেননি। ঘেরের মালিকদের অনেকে ক্ষমতাসীন দলের সহসংগঠনের নেতা। তাঁদের প্রভাব-প্রতিপত্তির কারণেই কি ঘের উচ্ছেদে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না? এটা কোনোভাবেই হওয়া উচিত নয়।

সময়মতো ও ঠিকভাবে খনন না করায় দেশের অনেক নদ–নদী আজ মৃতপ্রায়। নাব্যতা সংকটের কারণে অনেক নৌপথ আর নৌচলাচলের উপযোগী নয়। ঘের না উচ্ছেদ করে তিতাস নদ খনন করা হলে তারও একই পরিণতি হবে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের উচিত ঘের সরানোর ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়া। বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনকেও অবৈধভাবে গড়ে ওঠা ঘের উচ্ছেদের ব্যাপারে তৎপর হতে হবে। এভাবে ঘের তৈরি করে নির্বিচারে চলছে রেণু ও মা–মাছ শিকার। ফলে বিলুপ্ত হচ্ছে দেশীয় মাছের প্রজাতি। নদীতে নাব্যতা সংকট সৃষ্টির জন্য এসব অবৈধ ঘের অনেকখানি দায়ী। তাই ঘের উচ্ছেদের কোনো বিকল্প নেই।