ঘোড়ার ঘাস কাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন মানুষ ঘরে বসেই নাটক-সিনেমা দেখে। যারা খুব আরামপ্রিয়, তারা বিছানায় শুয়ে শুয়ে দেখে। টিভিতে দেখে। কম্পিউটারে দেখে। রাস্তায় হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে দেখে। গান শোনার কত রকম যন্ত্র। বিনোদনের জন্য কারও মুখাপেক্ষী হওয়ার দরকার নেই। পঞ্চাশ-ষাট বছর আগে তা ছিল না। টিভি কী জিনিস, তা-ই মানুষ জানত না। জারিগান হোক, যাত্রাপালা হোক, নাটক হোক—কষ্ট করে অনেকটা পথ হেঁটে গিয়ে দেখতে হতো।শহরের মানুষ সিনেমা-বায়োস্কোপ দেখত টিকিট কেটে হলে গিয়ে। গ্রামে পঞ্চাশ ও ষাটের দশকে ফাঁকা মাঠের মধ্যে, কোনো জমিদারের পোড়োবাড়িতে খোলা মঞ্চে হতো যাত্রাপালা। স্কুল-কলেজে হতো নাটক। নাটকের ও যাত্রার বিষয়বস্তু ছিল বিচিত্র। পৌরাণিক উপকথাভিত্তিক ছিল সীতার বনবাস বা সীতা হরণ, রাজা হরিশ্চন্দ্র, রামের বনবাস, আনারকলি, চাঁদ সুলতানা, সোহরাব-রুস্তম প্রভৃতি। দেশাত্মবোধক কাহিনিনির্ভর ছিল যাত্রাপালা সিরাজউদ্দৌলা, মীর কাশেম, ঈশা খাঁ, প্রতাপ সিংহ, মান সিংহ, কেদার রায় প্রভৃতি।সিরাজউদ্দৌলা ছিল খুবই জনপ্রিয়। অক্ষয়কুমার মৈত্রেয়-এর সিরাজউদ্দৌলা এবং গিরিশ ঘোষের সিরাজউদৌলা ছাড়াও অনেক গৌণ লেখকেরও ছিল সিরাজউদ্দৌলা নাটক। তাতে ক্লাইভ বা ওয়াট বা অন্য কোনো ইংরেজের মুখে একটি সংলাপ ছিল এ রকম: ‘ইহা করিবে না, টবে কি হামরা নবাবের ঘোড়ার ঘাস কাটিবে?’ সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালের সূচনার কথা। গায়ের জোরে হোক, নির্বাচিত হয়ে হোক, শাসনক্ষমতা হাতে নিলে ঠিকমতো দায়িত্ব পালন করাই নিয়ম। ঘোড়ার ঘাস কাটা নয়।বাংলার মাটিতে কাজের কাজ বাদ দিয়ে ঘোড়ার ঘাস কাটা সবাই খুব পছন্দ করে। সরকারও করে, জনগণও করে। আমিও যেমন হপ্তায় হপ্তায় ঘোড়ার ঘাস কাটি। তবে আসল ঘোড়ার ঘাস কাটার অভিজ্ঞতাও আমার আছে। গ্রামে গেলে এ-গ্রামে ও-গ্রামে যেতে হতো। এবড়োখেবড়ো মেঠোপথ। হাঁটা কষ্টকর। একদিন এক বড় হাটের পাশ দিয়ে যাচ্ছিলাম। ঘোড়াহাটায় দেখি একজন লোক একটি ছোটখাটো ঘোড়া নিয়ে অসহায় চেহারা করে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, কী ব্যাপার? লোকটি বলল, ঘোড়াটা বেচুম, কেউ কেনে না। বললাম, দাম কী? অবিশ্বাস্য এক সস্তা দাম বলল। বললাম যে এত কম দাম কেন? বলল, ঘোড়াটার পায়ে জন্মগত সমস্যা আছে। জোরে হাঁটতে পারে না। ঘোড়াটা আমি কিনে ফেললাম।ঘোড়ায় চড়ে যখন বাড়ি ফিরলাম, আব্বা খুব বিরক্ত হলেন। রাগারাগিও করলেন। বললেন, এসব কী তামাশা। যে ঘোড়া দৌড়াতে পারে না, জোরে হাঁটতেও পারে না, কেন এ উপদ্রব নিয়ে এসেছ। বললাম, দৌড়াতে পারে না বলেই কিনেছি। যে ঘোড়া দৌড়াতে পারে সেই ঘোড়া কিনব আমি অত বোকা নই।কাজের ছেলেটি ঝুড়ি ভরে ঘাস কেটে আনে। কাটা ঘাস ঘোড়া খায় না। ছোলা-ভুসি কিনতে কিনতে আমার ফতুর হওয়ার জো! বুঝতে পারলাম, এ ঘোড়ার রি-সেল ভ্যালু নেই। অনেককে ঘোড়া রোগে খায়। আমি ঘোড়া থেকে মুক্তির উপায় খুঁজছিলাম। বিধাতা কাউকে বিমুখ করেন না। ঘোড়া নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। এক ভিক্ষুকদম্পতি এসে হাত পাতল। স্বামী অন্ধ ও খোঁড়া। স্ত্রী তাকে নিয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করে গ্রামে গ্রামে। ভিখেরিনীকে বললাম, টাকাপয়সা দিতে পারব না। এই ঘোড়াটা আমি তোমাদের দান করলাম।প্রথমে বিশ্বাস করতে চায়নি। কিন্তু যখন অন্ধ ভিক্ষুককে তুলে ঘোড়ার পিঠে বসিয়ে দিলাম, তখন মুখে হাসি ফুটল তার বউয়ের। বহু বছর তারা ওই ঘোড়ায় চড়ে ভিক্ষা করেছে। আমার ওই ঘোড়া নিয়ে ইত্তেফাক-এর সিনিয়র সাংবাদিক নাজিমউদ্দিন মোস্তান একটি ফিচার করেছিলেন। শিরোনাম ছিল ‘সৈয়দ আবুল মকসুদের ঘোড়া’। কবি বলেছেন, অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। আমি দেখলাম, অন্ধকে আলো দেওয়ার সাধ্য আমার নেই, অন্ধ-খোঁড়াকে ঘোড়া দিই। ওই ঘোড়ার ঘটনা সবচেয়ে উপভোগ করেছিলেন আমার অতি ঘনিষ্ঠ খ্যাতনামা অর্থনীতিবিদ ও সমাজকর্মী কাজী খলীকুজ্জমান আহমদ। তখন আমরা একসঙ্গে দেশের অনেক জায়গায় ঘুরেছি।যখন কোনো জাতির অধিপতি শ্রেণী সবকিছু ফেলে শুধু ঘোড়ার ঘাস কাটে, তখন তার ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যদ্বাণীর প্রয়োজন হয় না। ভবিষ্যৎ একেবারেই ঝরঝরে। যখন বাঙালি জাতি তার ইতিহাসের সবচেয়ে জটিল ও বিপজ্জনক অবস্থায় ঢুকে গেছে, যখন দরকার ধর্ম-বর্ণ-দল-মতের ঊর্ধ্বে উঠে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা, তখন অতি গুরুদায়িত্বপ্রাপ্ত মানুষেরাও হয় ঘোড়ার ঘাস কাটছেন অথবা কথার খই ভাজছেন। জগতে কথার দাম সোনার দামের চেয়ে বেশি। তবে কথাটি কথার মতো হতে হবে। কোন চেয়ারে বসে কোন কথার কী পরিণাম হতে পারে, তা অনেকেই বুঝতে পারছেন না।টিভি ও অন্যান্য মাধ্যম থেকে আমরা এখন জানতে পারছি বাংলাদেশ শত্রুকবলিত। কারা কারা শত্রু, তাদের নামগুলোও ঘোষণা করা হচ্ছে। যেমন, ২০ জুলাই সন্ধ্যারাতে টিভির পর্দা বলল এবং সেখানে লেখাও উঠল, বিশিষ্ট প্রতিমন্ত্রী বলছেন: ‘বিএনপি, বিশ্বব্যাংক ও জনৈক রাষ্ট্রদূত বাংলাদেশবিরোধী মিশনে নেমেছে।’ এই যে একটি রাজনৈতিক দল, একটি আন্তর্জাতিক সংস্থা এবং একজন রাষ্ট্রদূত বাংলাদেশের বিরুদ্ধে যৌথভাবে অথবা আলাদা আলাদাভাবে বাংলাদেশের বিরুদ্ধে নেমে পড়েছে, তা বাংলাদেশ সরকারের মূলত যিনি মুখপাত্র, তিনি আলবৎ জানেন। জানার পরে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে বা হচ্ছে, তা তিনি জানাননি। আমাদের উদ্বেগ সেখানেই।যে দলটি বাংলাদেশবিরোধী মিশনে নেমেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া খুবই সহজ। তাকে নিষিদ্ধ করা। নিষিদ্ধ করার পরে তার নেতারা কেউ আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারেন পাকিস্তান আমলের কমিউনিস্ট পার্টির কমরেডদের মতো। পুলিশের চোখে ধুলা দিয়ে মানুষের বাড়িতে আত্মগোপন করে থাকবেন। খেয়েদেয়ে নাদুসনুদুস হবেন। খ্যাতির কোনো কমতি হবে না। দেয়ালে দেয়ালে লেখা হবে স্লোগানসমেত তাঁদের নাম। নিষিদ্ধঘোষিত বিএনপির নেতারা কেউ পালিয়ে পাকিস্তানে চলে যেতে পারেন। সেখানে খাবেন সুগন্ধি বাসমতি চালের ভাত।বিশ্বব্যাংক ষড়যন্ত্র শুরু করেছে। তাকে কোনো ভিআইপি লাউঞ্জে বসে গালাগাল দেওয়ার চেয়ে তার আবাসিক কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেই ল্যাঠা চুকে যায়। প্রতিমন্ত্রী ‘জনৈক রাষ্ট্রদূত’-এর কথা বলেছেন। তাঁর নাম কী? তিনি কোন দেশের রাষ্ট্রদূত, তা বলেননি। হতে পারেন তিনি হাঙ্গেরির অথবা রুমানিয়ার। তবে বাংলাদেশের ৫১ শতাংশ মানুষ আকেলমান্দ। তাদের কাছে ইশারাই কাফি। অন্যান্য জাতির চেয়ে বাঙালি কিঞ্চিৎ বেশি বুদ্ধিমান ও চালাক বলে সে পরিষ্কার কথা যতটা না বোঝে, তার চেয়ে ঢের বেশি বোঝে ইশারা। প্রধান রাষ্ট্রদূত মিস্টার ড্যান মজীনা বাংলা কিছু বোঝেন না। টেলিভিশনের পর্দার লেখা তো কিছু পড়তে পারেনই না। আর তা ছাড়া তাঁর অত বুদ্ধি কোথায় যে ‘জনৈক’ শব্দটার মানে বুঝবেন।তবে কেউ কেউ পরিষ্কার করেই কথা বলছেন হুগো চাভেজের মতো। বাংলাদেশের সাম্রাজ্যবাদবিরোধী বাম নেতারা আগে অনুসরণ করতেন রাশিয়া, চীন, কিউবা, কোরিয়া উত্তর, কেউ বা আনোয়ার হোজ্জার আলবেনিয়া। এখন আমাদের প্রধান শাসক দল ভেনেজুয়েলার আদর্শ গ্রহণ করেছে। তাই স্থানীয় সরকারমন্ত্রী বলেছেন, ‘আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার নাই।’ কথাটি অনেক পুরোনো। এতকাল কলাম লিখিয়েরা বলতেন, এখন বলছেন মন্ত্রীরা। তারও কয়েক দিন আগে সংসদের উপনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছেন, ‘আমরা কি আমেরিকার পরোয়া করি?’ তাদেরটা খাই, না পরি? বাংলাদেশের বৈদেশিক নীতিতে এই যে বিরাট পরিবর্তন এসেছে পয়লা জুলাই ভোরবেলা থেকে, তা প্রধান রাষ্ট্রদূত কূটনৈতিক দক্ষতার অভাবে এখনো টের পাননি। মিস্টার মজীনা বাংলা জানেন না। মহাজোটে আগে শুধু ওয়ার্কার্স পার্টিই ছিল মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, এখন তার সঙ্গে যোগ দিয়েছে সবচেয়ে বড় দল। এন্তার ডলার খরচ করে কোনো দেশ যখন কোনো দেশে দূতাবাস স্থাপন করে, তখন তা তারা ঘোড়ার ঘাস কাটার জন্য করে না।একটি সেতুর ঋণচুক্তি বাতিল কি একটি রাষ্ট্রের বৈদেশিক নীতিতে আমূল পরিবর্তন আনতে পারে? বিশ্বের ইতিহাসে আর কোনো দেশে কি এমন ঘটনা ঘটেছে। বিবাহবিচ্ছেদ হওয়া আর ঋণচুক্তি বাতিল তো একই রকম ঘটনা। হলোই বা চুক্তি বাতিল? হোক সেটা নির্বাচন—সেতু। কাজ শুরু হওয়ার আগে যে কারণেই চুক্তি বাতিল হোক—তাতে হলোটা কী? অন্য দেশে হলে চুক্তি বাতিল হওয়ামাত্র তারা কি আমাদের মতো আচরণ করত? অভিযোগ উত্থাপিত হওয়ার পর থেকে চুক্তি বাতিল পর্যন্ত ঘটনাবলির পর্যালোচনা না করে তা নিয়ে ১২০ রকমের কথা বলা দেশের জন্য ভালো হয়েছে কি না?ব্যক্তির মতো জাতিরও চরিত্র থাকে। জাতির আবেগ-অনুভূতি, আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্ন থাকে। তাই জাপানি জাতির চরিত্র এক রকম। চীনাদের অন্য রকম। কোরীয়দের আলাদা। ভারতীয়দের আরেক রকম। কোনো কোনো মানুষের যেমন চারিত্রিক অধঃপতন ঘটে, কোনো কোনো জাতিরও ঘটে। তখন তার মধ্যে সত্য থাকে না, শালীনতা থাকে না, শিষ্টাচার-ভদ্রতা থাকে না। সংযম থাকে না আচরণে ও কথাবার্তায়।চাপাবাজি শব্দটি এ পর্যন্ত কোনো বাংলা অভিধানেই নেই। রাজশেখর বসু, এ টি দেব প্রমুখের অভিধানে তো নেই-ই, বাংলা একাডেমীর অভিধানেও নেই। এখন থেকে থাকবে। সাড়ে তিন বছরে এ শব্দটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। তবে বিস্ময়কর ব্যাপার হলো, চাপাবাজির কোনো সমার্থক শব্দ অন্য ভাষায় থাকবে না। কারণ, অন্য কোনো ভাষাভাষী মানুষ চাপাবাজি করে না।বাংলাদেশে প্রতি মিনিটে একটি করে বিবেকবর্জিত কাণ্ড ঘটছে। সে কাণ্ড ঘটাচ্ছে সরকার, বিরোধী দল, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান প্রভৃতি। সরকার ও বিরোধী দলের জনসেবকেরা শুধু নন, বুদ্ধিবৃত্তির জগৎও নির্বিকার। সব সমাজেই একদল মানুষ মাথা দিয়ে কাজ করেন। আরেক শ্রেণী করেন হাত দিয়ে বা হাতে-কলমে। তাঁদের মধ্যে পড়েন রাজনীতিবিদেরা। মাথার বুদ্ধিটা বাস্তবায়ন করে হাত—কলম, কাস্তে-কোদাল, হাতুড়ি দিয়ে। কিন্তু ওসবের পরিবর্তে চাপাতি ও রামদা ঝলসে উঠলে ভয়ের কারণ। বাংলাদেশে আজ বিরাজ করছে ভীতির পরিবেশ।দ্রব্যমূল্যের ওঠা-নামা খুব স্বাভাবিক ব্যাপার। কোনো জিনিসের দাম আজ বেড়েছে তো কাল কমে যেতে পারে। রপ্তানি আয় ও বৈদেশিক মুদ্রা বাড়া-কমা একটি জাতির জীবনে বড় কোনো বিষয় নয়। ধান-গম ও অন্যান্য খাদ্যশস্যের ফলন কোনো বছর বেশি হবে, কোনো বছর কম হবে। তাতে সাময়িক কষ্ট হয়। জাতির বড় সর্বনাশ হয় না। কিন্তু শাসকশ্রেণী বুদ্ধিবৃত্তির জগৎ ও জনগণের বড় অংশের নৈতিক অবস্থায় যদি গোলমাল দেখা দেয়, সে জাতি বড় বড় ইমারত ও সেতু বানিয়েও দাঁড়াতে পারে না। তার পতন অনিবার্য।আজ আমরা এক বিশেষ অবস্থায় পৌঁছেছি। এই অবস্থা আর কিছুকাল চলতে থাকলে ’২১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আগ্নেয়গিরির মুখ খুলে যাবে। বাঙালি বড় রাগী জাতি। সে বেশি অন্যায়-অবিচার সহ্য করে না। চট করে রেগে যায়। একাত্তরে রেগে গিয়েছিল। নব্বইয়ে রেগে গিয়েছিল। জোট সরকারের সময় কানসাটে রেগে গিয়েছিল। কয়েক দিন আগে যশোরে রেগে গিয়েছিল গ্রামবাসী, তা হুইপ মহোদয় ও থানার দারোগা পুলিশ জানেন। গত সপ্তাহে রাজউকের ওপর রেগে গিয়েছিল এলাকার লোক এই রাজধানীতেই।এ দেশের মানুষ একাত্তরে যার যা কিছু আছে তা-ই নিয়ে এক হিংস্র শত্রুর মোকাবিলা করেছিল। আত্মসম্মান রক্ষা করতে গিয়ে ইজ্জত গেছে, প্রাণ গেছে, তবু পরাজয় মানেনি। তাদের চাহিদা খুব কম। কাচ্চি বিরিয়ানি হামবার্গার তারা খেতে চায় না। ডাল-ভাত, ভাজি-ভর্তাই তাদের ভালো লাগে। তারা চায় একটু শান্তি। একটি মোটের ওপর শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই তারা ৪১ বছর আগে আকর্ষণীয় কষ্ট স্বীকার করেছিল—ঘোড়ার ঘাস কাটতে নয়।সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।