ঘোড়ার ডিমের জীবন আমাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও শিশু-নারী-পুরুষ-বৃদ্ধের লাশের মিছিল। অকাল, অস্বাভাবিক মৃত্যু, হত্যাকাণ্ড। লঞ্চ ডুবে, বাস দুর্ঘটনায়, কারখানা ধসে, বস্তিতে আগুন লেগে, জলাবদ্ধতা আর পাহাড়ধসে—এ রকম মৃত্যু এক বছরে যে কতবার দেখতে হবে, তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। কখনো পানির নিচ থেকে, কখনো পাহাড়ের মাটির দলার ভেতর থেকে, কখনো দলামোচড়া যানবাহন থেকে, কখনো পুড়ে যাওয়া বস্তি থেকে লাশ টেনেহিঁচড়ে বের করার দৃশ্য দেখতে হয় বারবার। এসব দেখতে দেখতে কি সমাজ ভোঁতা হয়ে গেছে? হতে পারে। কিন্তু এটাও বুঝি যে বোবার ভাষার অভাব আর অক্ষমের আর্তনাদের বিন্দু বিন্দু ক্ষোভ সমাজের চেতনে জমা হচ্ছে ঠিকই।ঠিকই বলেছেন মঈন উদ্দীন খান বাদল, ‘ঘোড়ার ডিমের এক জলাবদ্ধতা, তা আমরা নিরসন করতে পারি না।’ তিনি তো সংসদ সদস্য। নিজেদের অবস্থা যে উপলব্ধি করতে পেরেছেন, সেটাই এক বিরাট ঘটনা! কিন্তু একটু ঘুরিয়ে এ রকম কথাই মানুষের মুখে বহুবার শুনেছি, বহু বছর ধরে শুনছি। যা প্রতিনিয়তই শুনি, মুদ্রণযোগ্য ভাষায় বলতে গেলে তা এ রকম: ‘ঘোড়ার ডিমের সরকার, বছরের পর বছর পার হয়, জলাবদ্ধতাও দূর করতে পারে না’, ‘ঘোড়ার ডিমের সরকার, লঞ্চগুলোও ঠিক করতে পারে না’, ‘ঘোড়ার ডিমের সরকার, রাস্তাও ঠিক করতে পারে না’, ‘ঘোড়ার ডিমের সরকার, আগুন লেগে ভবন ধসে এত মানুষ মারা যায়, মালিকের কিছুই করতে পারে না’, ‘ঘোড়ার ডিমের সরকার, নদী দখল হয়ে যায়, পাহাড় লুট হয়ে যায়, ঠেকাতে পারে না’, ‘ঘোড়ার ডিমের সরকার, খুন হয় গুম হয়, মুখে আঙুল দিয়ে বসে থাকে, কিনারা করতে পারে না’, ‘ঘোড়ার ডিমের সরকার, খালি জিনিসের দাম বাড়ায়’। কেন? সরকার কেন পারে না? এসব কাজের জন্য কি অনেক টাকার দরকার? না। অনেক বিশেষজ্ঞ বিশাল পুঁজি আর বিদেশি কোম্পানির দরকার? না। টাকার তো আসলে অভাব নেই। সরকার যা চাইছে, জনগণ তো তা-ই দিচ্ছে, দিচ্ছে না লুটেরারা, যারা শুধু নিতেই জানে। কর, ফি, সারচার্জ বাবদ এ বছরই জনগণের ঘাড়ে নতুন বোঝা বসছে ২৫ হাজার কোটি টাকার, গ্যাস-তেল-বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে বাড়বে তার চেয়েও বেশি বোঝা। এর বিনিময়ে জনগণ এমন কিছু চায়ও না। তাদের দাবিও খুবই স্বল্প। সরকারকে দেওয়া জনগণের টাকা তাহলে কী হয়? প্রশাসন, ঋণের সুদ আর নানা প্রকল্প। টাকা শেষ। মানুষের নিরাপদ আবাসের অন্তত ঠিকানা করে দেওয়া, নিরাপদ সর্বজন পরিবহন, বিশুদ্ধ পানি, জলাবদ্ধতা দূর করা, পাহাড়-নদী ঠিকঠাকমতো রাখা—এগুলো তো আসলে টাকার বিষয় নয়, নীতির প্রশ্ন। লুটেরা দখলদারদের হাত থেকে পাহাড়-জমি, নদী-খাল এমনকি নর্দমা রক্ষায় সরকারের অবস্থানটিই নির্ধারক। অর্থাৎ সরকারযন্ত্র কার পক্ষে—দখলদারদের, না জনগণের, সেটাই পরিস্থিতির গতিমুখ তৈরি করে। সমস্যা এখানেই। টাকা যা আছে তা বরং এমন সব প্রকল্পে খরচ হয়, যা দখলদারদের পকেট ভারী করে, জনগণের অবস্থা আরও সঙ্গিন করে। যত লোক এই দফায় অকালে নিহত হলেন, তাঁদের অধিকাংশই পাহাড়ধসের কারণে। এসব পাহাড়ধস হয়েছে সরকারের টাকা বা সক্ষমতার অভাবে নয়, জনগণের জীবন রক্ষায় চোখ-কান বন্ধ রাখার কারণে। যারা সর্বজনের পাহাড়ের গাছ কেটে উজাড় করে, যারা এর মাটি নিয়ে ব্যবসা করে, যারা নদী-নর্দমা-খাল ভরাট করে দখল করে বহুতল ভবন বানায়, যারা পাহাড় রক্ষা, জলাবদ্ধতা নিরসন, আশ্রয় প্রকল্পের টাকা মেরে খায়, তাদের প্রতি সরকারের অসীম উদারতা আর প্রশ্রয়। সে জন্যই বারবার বলতে চেষ্টা করি যে, টাকার অভাবে নয়, জনগণের জীবন ও সম্পদের ঝুঁকি তৈরি করে কিছু লোকের টাকা বানানোর উন্মাদনার কারণেই দেশে সংকট তৈরি হয়, লাশের মিছিল তৈরি হয়। হত্যাকারী তবে বলব কাদের? বছরের পর বছর ফিটনেস ছাড়া লঞ্চ চলে, ফিটনেস ছাড়া গাড়ি চলে, বন উজাড় হয়, নদী দখল হয়, পানি বিষাক্ত হয়, রাস্তা অচল থাকে, পানিনিষ্কাশনের পথ তৈরি না করে সব দিক অচল করে বহুতল ভবন নির্মিত হয়, এগুলো দেখার যেন কেউ নেই। সরকার তাহলে কোথায়? ঢাকা-চট্টগ্রাম রেললাইন অচল, সেতু ভেঙে পড়েছে। এক দিনেই ভেঙে পড়ল এটা? তার দেখাশোনা, ক্ষয় মেরামত করার লোকজন কোথায়? কদিন আগেই একটি সড়কসেতু ধসে পড়ায় ছয়টি ট্রাকসহ অনেক গাড়ি নদীতে পড়ল। আরও অনেক রেল ও সড়কসেতুর এই অবস্থা। তাহলে কি এ রকম আরও অনেক দুর্ঘটনা দেখতে হবে আমাদের? কোথায় সরকার? বার্ষিক উন্নয়ন কর্মসূচির টাকা খরচ হয় না, সরকার আবার ঋণগ্রস্তও হয়, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে তার জনবল নেই, প্রশাসনিক বল নেই। শহর-গ্রামের গরিব মানুষের ওপর চড়াও হতে তো বাহুবলের কোনো অভাব দেখা যায় না।পানি উন্নয়ন বোর্ডের জলাবদ্ধতা তৈরির বহু প্রকল্প আছে। তাদের ‘উন্নয়ন’ প্রকল্পের কারণে বহু স্থানে নদী এখন মৃত্যুর মুখে। নদী মরলে জমি মরে, মানুষও মরে। প্রকল্প দিয়ে যাদের লাভ, তারা এগুলো করতে নানা ভুল তথ্য দিয়ে মানুষকে প্রলোভন দেখাতে থাকে। বুঝে গেলে মানুষ প্রথমে আপত্তি, সমালোচনা করে, প্রতিকার চায়। শেষে না পেরে জীবন হাতে নিয়ে রুখেও দাঁড়ায়। কিছুদিন আগে এ রকম একটি প্রকল্প কোনোভাবেই ঠেকাতে না পেরে ওই অঞ্চলের নারী-পুরষেরা তাঁদের সব শক্তি নিয়ে প্রতিরোধে নেমেছিলেন। প্রকল্প আটকে গেছে। উৎসাহীরা তাড়া খেয়ে পালিয়েছে এলাকা থেকে। দেখলাম, সেখানকার সংসদ সদস্য টিভিতে বলছেন, ‘প্রয়োজনে সেখানে আর্মি নিয়ে হলেও এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে।’ এঁরাই হলেন জনগণের প্রতিনিধি!সরকার বদল হয়, দুর্বৃত্তদের কিছু মুখ বদলায়, আর কিছু বদলায় না। মানুষ কত দিন এগুলো সহ্য করবে? তাঁদের জীবন আর সম্পদ কিছু মন্ত্রী, এমপি, দেশি-বিদেশি ব্যবসায়ী, আমলা আর কনসালট্যান্ট লুট করে নেবে আর তাঁরা শুধু কিছুদিন পর পর বিলাপ করবেন? নিজের সন্তানের লাশ বহন করবেন? আল্লাহর কাছে বিচার দেবেন আর কত? বুকের মধ্যে গভীর ক্ষত নিয়ে জীবনটা টেনেহিঁচড়ে পার করবেন শুধু? মরণ হাতে নিয়ে মাথা ন্যাড়া পাহাড়, হুমকির বস্তি, বিপজ্জনক উপকূলে আশ্রয় নেবেন বারবার? জীবন-জীবিকা, যাতায়াত, ঘুম কোথাও নিরাপত্তা থাকবে না মানুষের?আনু মুহাম্মদ: অর্থনীতিবিদ ও অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।