চকবাজার ট্র্যাজেডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি হোটেলে দুদিনের এক কর্মশিবিরের সমাপনী দিনে দেশের সরকারি ও বেসরকারি খাতের রাসায়নিক অংশীজনেরা পরিষ্কার করেছেন যে দেশের রাসায়নিক ব্যবস্থাপনায় একটা অগোছালো অবস্থা বিরাজমান। বাংলাদেশ বর্তমানে বছরে ১৬ হাজার কোটি টাকার বেশি মূল্যের রাসায়নিক দ্রব্যাদি আমদানি করছে। আগামী ১০ বছরে আমদানির পরিমাণ দ্বিগুণ হবে। দেশ যেভাবে উন্নয়নের দিকে এগোচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের দালানকোঠা বা যোগাযোগ অবকাঠামোর মতো রাসায়নিক ব্যবস্থাপনাগত অবকাঠামো গড়ে তুলতেও যথা পদক্ষেপ নেওয়া উচিত। এটা দুঃখজনক যে বাংলাদেশে রাসায়নিক সম্ভার তদারকির জন্য বিভাগ, সংস্থা, দপ্তর বা আইনকানুনের তেমন ঘাটতি নেই। কিন্তু সংশ্লিষ্ট বিভাগগুলোর তরফে তা বাস্তবায়নে গাফিলতি এবং ঔদাসীন্য ব্যাপকভাবে বিদ্যমান।

কোনো সন্দেহ নেই যে নিমতলীর বিয়োগান্ত অধ্যায়ের পর সরকার যদি স্বাভাবিক রাজনৈতিক সদিচ্ছার পরিচয় দিয়ে রাসায়নিক গুদামগুলো পুরান ঢাকা থেকে সরিয়ে নিত, তাহলে হয়তো চকবাজারের বিপর্যয় এড়ানো যেত। কিন্তু দেশের রাসায়নিক দ্রব্যাদি অব্যবস্থাপনার যে সামগ্রিক চিত্র, তা কিন্তু দীর্ঘদিন ধরেই সাধারণভাবে সন্তোষজনক পরিস্থিতি থেকে অনেক দূরে। দেশ যখন স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশের দিকে অগ্রসর হচ্ছে, তখন তা কতগুলো চ্যালেঞ্জও আমাদের সামনে নিয়ে আসছে। রাসায়নিক ব্যবস্থাপনা তেমনই একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

অন্যদিকে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদীরা নানা ধরনের রাসায়নিক উপকরণের অপব্যবহার করে চলছে। অথচ আমরা এই বিপদ তেমনভাবে অনুভব করতে পারছি বলে প্রতীয়মান হয় না। এমনকি চকবাজারের বিয়োগান্ত অধ্যায়ের পর এখন প্রশাসনের সব মনোযোগ যেন কেবল রাসায়নিক গুদাম সরানোর মধ্যেই কেন্দ্রীভূত হচ্ছে। কিন্তু রাসায়নিক নিয়ে মনোযোগ দেওয়ার আরও অনেক দিক রয়েছে। আমরা মনে করি, এখন এমন একটি পরিস্থিতি বিরাজমান, যখন এ ক্ষেত্রে বড় ধরনের একটি সংস্কার বা পরিবর্তন আনা সহজতর হতে পারে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্যপুষ্ট কেমিক্যাল সিকিউরিটি প্রোগ্রাম (সিএসপি) কে ধন্যবাদ, দক্ষিণ এশিয়ায় ভারতের পরে তারা শুধু বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়েছে। বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাসায়নিক দ্রব্যাদি ব্যবহারসংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি খাতের ৩৫ জন অংশীজনকে সাফল্যের সঙ্গে যুক্ত করতে পেরেছে। তবে এই প্রক্রিয়ায় রাসায়নিক ব্যবসায়ীদের প্রতিনিধিদেরও যুক্ত করার দরকার আছে। আমরা আশা করব, আগামী তিন মাসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে একটি জাতীয় রাসায়নিক সমন্বয় কমিটি বা কাউন্সিল গঠনে অংশীজনেরা সর্বসম্মতভাবে যে সুপারিশ করেছেন, সেটা বাস্তবে রূপ লাভ করবে।

প্রতিবেশী ভারতে এ রকম একটি কাউন্সিল সক্রিয় রয়েছে। আমরা এ বিষয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও অংশীজনদের মতামত নিয়েছি। তাঁদের সঙ্গে আমরা একমত যে রাসায়নিক দ্রব্যাদিকে ভয় পেলে চলবে না। জীবন রক্ষাকারী একটি অত্যন্ত প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যও শুধু অদক্ষতা আর অব্যবস্থাপনার কারণে মহাবিপর্যয়ের কারণ হতে পারে। তাই সমাজের সব স্তরে সচেতনতা সৃষ্টির ওপর তাঁরা সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন।

বিদ্যমান আইন যা আছে, তার প্রয়োগ আরও সঠিকভাবে হতে হবে। তবে দেশে যখন শিল্প ও কলকারখানার প্রসার ঘটে, তখন রাসায়নিক নিরাপত্তা রক্ষাকবচগুলো দেখার দায় শুধু সরকারের হাতে দিলে চলবে না। ইউরোপীয় কোম্পানি—ডুপন, যারা ননস্টিক রান্নার জিনিসপত্রে তেফলন নামে একটি রাসায়নিক দ্রব্যের নিরাপদ ব্যবহার বিষয়ে নিজেরাই বিধিবিধান তৈরি করেছিল, যা পরে সরকারগুলো নিয়েছে। সুতরাং বাংলাদেশি কোম্পানিগুলোও যদি এমন উদ্যোগ নেয়, তাহলে সরকারের পক্ষেও উপযুক্ত বিধিবিধান গ্রহণ এবং তা বাস্তবায়ন করা সহজ হয়। বক্তারা একমত হন যে দায়দায়িত্ব সব সরকারের কাঁধে চাপালে চলবে না।