চট্টগ্রাম নগরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান দুটি রাজনৈতিক দল পালাক্রমে সরকারে থাকার সময় চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণার অঙ্গীকার করার আগে সেখানে ছিল বেশ কয়েকটি বহুজাতিক এবং দেশীয় কোম্পানির প্রধান কার্যালয় কিংবা প্রধান কারখানা। কিন্তু চট্টগ্রামে বাণিজ্যিক রাজধানী গড়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের পরের ১৪ বছরে তাদের অনেকগুলোই ঢাকায় সরে এসেছে।
রাজনীতিকদের কথা এবং কাজের মধ্যে যে ফারাক থাকে এবং তার ফল যে কতটা হতাশাজনক, এটি তার বড় প্রমাণ। একটি শহর বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে ওঠার অর্থ হচ্ছে বাণিজ্য–সংক্রান্ত সব সুবিধা সেই শহরেই পাওয়া যাবে। কিন্তু চট্টগ্রামের ক্ষেত্রে সেটা হয়নি। একটি সমুদ্রবন্দর থাকার পরও চট্টগ্রাম নগরী ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেনি। এই ব্যর্থতার সিংহভাগ দায় যে সরকারেরই, তা বলার অপেক্ষা রাখে না।
বুধবার প্রথম আলোয় এ-সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের ব্যবসায়ীদের ব্যাংকঋণ থেকে শুরু করে আমদানি-রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে অনুমোদনের জন্য ঢাকায় দৌড়াতে হয়। চট্টগ্রামে উৎপাদিত পণ্য এবং আমদানি করা অনেক মৌলিক দ্রব্য বা উপাদানের মান পরীক্ষা করাতে ও লাইসেন্স নিতে ঢাকায় আসা ছাড়া ব্যবসায়ীদের কোনো উপায় নেই। যদিও চট্টগ্রামে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কার্যালয় আছে। কিন্তু সেই কার্যালয়ের সব পণ্যের মান পরীক্ষা করার ও লাইসেন্স দেওয়ার ক্ষমতা নেই। বিনিয়োগের জন্য সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকের ঋণ নিতে গেলেও ঢাকার সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হয় ব্যবসায়ীদের। চট্টগ্রামে সরকারি বা বেসরকারি সব ব্যাংকের কার্যালয় থাকলেও ঋণ দেওয়ার ক্ষমতা নেই। পোশাক কারখানার যন্ত্রপাতি আমদানির জন্যও প্রত্যয়নপত্র নিতে হয় ঢাকায় বিজিএমইএ থেকে। পণ্য আমদানি-রপ্তানি বাড়লেও সমুদ্রবন্দরের সক্ষমতা বাড়েনি।
এত অসুবিধা থাকলে কোনোভাবেই কোনো নগরী বাণিজ্যিক রাজধানী হয়ে উঠতে পারবে না। চট্টগ্রামের ক্ষেত্রেও তা-ই হয়েছে। বিএনপি সরকার ২০০৩ সালের ৬ জানুয়ারি এ-সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তত তিনটি জনসভায় চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা দেন। কিন্তু মন্ত্রিসভার প্রস্তাব বা প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তব রূপ পায়নি। এ জন্য অবশ্যই সরকারকে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। বহুজাতিক কোম্পানিগুলো যাতে চট্টগ্রামেই তাদের ব্যবসা করে, সে জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে সরকারের রাজনৈতিক সদিচ্ছাই যথেষ্ট।