চট্টগ্রাম বন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের জেটিতে ও বহির্নোঙরে বেশি সময় ধরে কনটেইনারবাহী জাহাজ আটকে থাকার বিষয়টি উদ্বেগজনক। এতে যে কেবল পণ্য পরিবহনই বিলম্বিত হচ্ছে তা-ই নয়, আমদানি-রপ্তানি ব্যয়ও বেড়ে যাচ্ছে। অনেক সময় রাজনৈতিক অস্থিরতা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্দরে পণ্য খালাসে বিলম্ব হলে সেটি মেনে নেওয়া যায়। কিন্তু স্বাভাবিক অবস্থায় কেন পণ্য খালাসে বিলম্ব হবে?
এ ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কনটেইনারবাহী জাহাজের সংখ্যা বাড়ার যে অজুহাত দেখিয়েছে, তাও গ্রহণযোগ্য নয়। গত বছর যেখানে ঘণ্টায় ১৫ থেকে ১৬টি কনটেইনার ওঠানো-নামানো করা গেছে, সেখানে গত জুনে ঘণ্টায় ১৩টিতে নেমে আসার কারণ কী? তা ছাড়া, যে দেশের অর্থনীতি ক্রমেই ঋদ্ধ হচ্ছে, মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে, সেখানে আমদানি-রপ্তানি যে বাড়বে, সেটি কি বন্দর কর্তৃপক্ষের জানা ছিল না?
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, কনটেইনারবাহী জাহাজ অবস্থানের গড় সময় ২০১১ সালের জানুয়ারিতে যেখানে ছিল ৩ দিন ১৫ ঘণ্টা, ২০১২ সালের আগস্টে ৩ দিন ১৭ ঘণ্টা, ২০১৩ সালের জুনে ৪ দিন, চলতি বছর জুলাইয়ে তা সাড়ে ৫ দিনে পৌঁছানো বন্দরে সক্ষমতা কমারই লক্ষণ। উল্লেখ্য, বাংলাদেশে কনটেইনারবাহী জাহাজে আমদানি করা পণ্যের ৯৭ শতাংশ আসে চট্টগ্রাম বন্দর দিয়ে। বাকিটা আসে মংলা বন্দর দিয়ে।
স্বভাবতই প্রশ্ন আসে কর্তৃপক্ষ কেন কনটেইনার ওঠানো-নামানোর যন্ত্রপাতি বাড়ানোর কাজ আগে করল না? এখন তারা বলছে, যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত হওয়া এবং কার্যকর হওয়ার মধ্যে বিস্তর ফারাক। কনটেইনার ওঠানো-নামানোর ধীরগতিতে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে ব্যবসায়ীরা যে আশঙ্কা ব্যক্ত করেছেন, তাও অমূলক নয়।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, চট্টগ্রাম বন্দরের সামর্থ্য বাড়াতে সংশ্লিষ্টদের দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা নেই। সবকিছু চলছে ‘দিন আনি দিন খাই’ ভিত্তিতে। এভাবে দেশের প্রধান সমুদ্রবন্দর চলতে পারে না। স্বল্পতম সময়ে যাতে পণ্যবাহী কনটেইনারগুলো ওঠানো-নামানোর কাজটি সম্পন্ন হয়, সে বিষয়ে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে আশা করি।