চট্টগ্রাম বন্দর নামক প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য বন্দর কর্তৃপক্ষ বলে একটি কার্যকর কর্তৃপক্ষ রয়েছে। কিন্তু যার কাজ তাকে করতে দেবেন কেন স্থানীয় সরকারদলীয় নেতারা! স্থানীয় নেতাও তো একাধিক, সবাই ‘ভূমিকা’ রাখতে গেলে যা হওয়ার তা-ই হয়েছে। নিজেরাই জড়িয়েছেন মারামারি, হাঙ্গামায়। এমনই এক লোভনীয় বিষয় চট্টগ্রাম বন্দর! এর ওপর নিয়ন্ত্রণ জোরদার করতে এখন নিজেদের লোক নিয়োগ দিতে চাপ দিচ্ছেন সরকারি দলের স্থানীয় নেতারা।চট্টগ্রাম বন্দর ‘রক্ষার’ জন্য বিভিন্ন সময়ে খুবই সোচ্চার দেখা যায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে। সাম্প্রতিক খবর হচ্ছে, তিনি চট্টগ্রাম বন্দরে নিয়োগ দিতে চান ৬০০ জনকে। দেখা যাচ্ছে, পাহারাদার পদে নিয়োগ দেওয়ার জন্য মহিউদ্দিন চৌধুরী ৬০০ লোকের নাম প্রস্তাব করেছেন, অথচ প্রতিদিন এই কাজের জন্য প্রয়োজনীয় ১৫০ জন লোকের বিপরীতে বর্তমানে রয়েছেন ৬৫০ জন। বন্দরের চেয়ারম্যান কার্যালয়ে পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন, ‘বন্দরের চাহিদা মোতাবেক জাহাজ পাহারাদার পদে নিয়োগের জন্য ৬০০ লোকের তালিকা দেওয়া হলো।’ আমাদের প্রশ্ন, বন্দরের এই যে ‘চাহিদা’ তা ঠিক করবে কে? বন্দর কর্তৃপক্ষ নাকি মহিউদ্দিন চৌধুরী? পাহারাদার পদে তিনি যে ৬০০ লোকের নাম দিয়েছেন, তাঁদের মধ্যে বন্দর থেকে পণ্য চুরির মামলায় শুধু অভিযুক্ত নন, সাজাপ্রাপ্ত আসামিও রয়েছেন।চট্টগ্রাম-১২ আসনের সরকারি দলের সাংসদ আখতারুজ্জামান চৌধুরী পিছিয়ে থাকবেন কেন? তিনি দিয়েছেন ৩০ জনের তালিকা। এমন পরিস্থিতিতে বন্দরের চেয়ারম্যানের যথার্থ উক্তি, ‘তালিকা দিলেই তো আর চাকরি হবে না।’ বন্দর কর্তৃপক্ষ কীভাবে এসব আবদার উপেক্ষা করে সেটাই দেখার বিষয়। প্রতিদিন যেখানে ৫০০ পাহারাদার অতিরিক্ত হিসেবে বসে থাকেন, সেখানে নতুন করে আরও ৬০০-৬৫০ জনকে নিয়োগ দেওয়ার যৌক্তিক কারণ থাকতে পারে না। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ইজারা নিয়ে এর আগে আমরা সরকারি দলের স্থানীয় নেতা, সাংসদ ও মন্ত্রীকে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়তে দেখেছি। এ ধরনের বিরোধের পেছনে কোন স্বার্থ কাজ করে, তা অনুমান করা কঠিন নয়। চাকরির জন্য নাম সুপারিশের বিনিময়ে অর্থ আদায় হয়েছে, এমন অভিযোগও পাওয়া গেছে। আমরা আশা করব, কারও ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা বা স্বার্থের কারণে কর্তৃপক্ষ বন্দরের স্বার্থ বিসর্জন দেবে না।