চট্টগ্রাম বন্দর ঝুঁকিমুক্ত রাখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার চলতি মাস থেকে জাহাজে করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করার যে পরিকল্পনা নিয়েছে, তার আবশ্যকতা অস্বীকার করা যাবে না। দেশের মজুত গ্যাস যখন দ্রুত ফুরিয়ে যাচ্ছে, তখন এলএনজি আমদানি করতেই হবে। প্রশ্ন হলো এলএনজি আমদানি করা কিংবা সেটি গ্রাহক পর্যায়ে পৌঁছে দেওয়ার উপায় কী হবে?

কক্সবাজারের মহেশখালীতে সাগরে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি লিমিটেড একটি ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ করছে। টার্মিনালটি থেকে এ বছরের শেষের দিকে গ্যাস সরবরাহ শুরু হবে এবং দিনে প্রায় ৫০ কোটি ঘনফুট গ্যাস আসবে। এ ছাড়া দেশীয় প্রতিষ্ঠান সামিট একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করছে, যার ক্ষমতাও দৈনিক ৫০ কোটি ঘনফুট। এটি আসবে আরও ছয় মাস পরে। কিন্তু গ্যাস-সংকটের দোহাই দিয়ে দরপত্র ছাড়াই ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ) আইন’-এর আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে সিঙ্গাপুর-বেলজিয়ামের কোম্পানি গুনভোর ও এক্সমার মেরিন ও সিঙ্গাপুরের কোম্পানি গানভরের কাছ থেকে এলএনজি আমদানির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

সরকারের পরিকল্পনা হলো কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) ও চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) জেটি ব্যবহার করে বিদেশি এই দুই প্রতিষ্ঠান থেকে সরকারি সংস্থা পেট্রোবাংলার গ্যাস কেনা এবং প্রতিদিন এখান থেকে ২০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। সরকারের এই পরিকল্পনা কতটা বাস্তবসম্মত তা ভেবে দেখার বিষয়। বিশেষজ্ঞদের মতে, এই টার্মিনাল বসানো হলে নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সংকুচিত হয়ে নৌচলাচলে বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। এলএনজির জাহাজের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে চ্যানেলই শুধু বন্ধ হয়ে যাবে না (তা যত কম সময়ের জন্যই হোক না কেন), ব্যবসা-বাণিজ্য তথা অর্থনীতিতেও মারাত্মক প্রভাব ফেলবে।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরে জাহাজ আনা-নেওয়ার জন্য কর্ণফুলী নদীর ১৬ কিলোমিটার নৌচলাচল পাড়ি দিতে হয়। সেখানে জাহাজ ভিড়তে যে কর্ণফুলী নদী ব্যবহার করতে হয়, তার গড় প্রশস্ততা ৬০০ মিটার। কাফকো ও সিইউএফএলের জেটির যেখানে এলএনজির জন্য জাহাজ ভেড়ানো হবে, সে প্রান্তে চ্যানেলের প্রশস্ততা ৩০০ মিটার। প্রতিদিন দুই কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করতে হলে বছরে কমপক্ষে ২৩০ দিন জাহাজ ভেড়াতে হবে কাফকোর জেটিতে। ভাসমান স্থাপনায় যখন এলএনজি জাহাজ ভেড়ানো হবে, তখন ৩০০ মিটার প্রশস্ত চ্যানেলের ২০ মিটার ওই এলএনজির জাহাজের দখলে চলে যাবে। এলএনজি জাহাজ থেকে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপদ দূরত্ব কমপক্ষে ১৫০ মিটার। এ হিসাবে ৩০০ মিটার প্রশস্ত চ্যানেলের ১৭০ মিটার দিয়ে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে না। অর্থাৎ কাফকো এলাকায় চ্যানেল সংকুচিত হয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ থাকবে ১৩০ মিটার। এই অবস্থান দিয়ে পাশাপাশি দুটি জাহাজ অতিক্রম করা হবে খুবই ঝুঁকিপূর্ণ।

আমরা মনে করি, যে চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে কনটেইনার পণ্যের ৯৯ শতাংশ আমদানি-রপ্তানি হয়, সেই বন্দরকে কোনোভাবে ঝুঁকিতে রাখা যাবে না। কাফকোর জেটিতে এলএনজির জাহাজ থাকলে বন্দরের নৌচলাচল ব্যাহত হওয়ার কথা স্বীকার করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীও। যেখানে ব্যবসা-বাণিজ্য গতিশীল করার জন্য চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো সময়ের দাবি, সেখানে সরকার উল্টো পথেই হাঁটছে। কোনোভাবেই এলএনজি টার্মিনাল বসানো ঠিক হবে না। জরুরি ভিত্তিতে এলএনজি আমদানি করতে হলেও চট্টগ্রাম বন্দরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, এমন পথ বাদ দিয়ে বিকল্প পথ খুঁজতে হবে। কাফকো ও সিইউএফএলের জেটিতে কোনোভাবেই এলএনজির জাহাজ ভেড়ানো যাবে না।