চট্টগ্রাম বন্দরে দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে বেসরকারি অপারেটর নিয়োগ ও দরপত্র প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছিল শুরু থেকেই। এ নিয়ে আমরা সরকারি দলের দুটি পক্ষকে আন্দোলন ও পাল্টা আন্দোলনে জড়িয়ে পড়তে দেখেছি। এখন এ নিয়ে তদন্ত শুরু করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আমাদের অভিজ্ঞতা বলছে, অতীতের কোনো সরকারের আমলে ঘটে যাওয়া দুর্নীতির তদন্ত যত সহজ, চলমান দুর্নীতির তদন্ত ততটাই কঠিন। অথচ বর্তমানে ঘটে যাওয়া দুর্নীতির যথাযথ তদন্ত করার মধ্যেই এ ধরনের প্রতিষ্ঠানের ‘স্বাধীন’ অবস্থান বা সক্ষমতার বিষয়টি ফুটে ওঠে। দুদকের এই তদন্তের বিষয়টিকে তাই আমরা খুব গুরুত্বের সঙ্গে নিতে চাই। নিউমুরিং কনটেইনার টার্মিনালে অপারেটর নিয়োগ নিয়ে দরপত্র গ্রহণ প্রক্রিয়ার শুরু থেকেই যা ঘটেছে তাতে এ ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের যে অভিযোগ উঠেছে, তাকে যথার্থ হিসেবে বিবেচনা করার যৌক্তিক কারণ রয়েছে। দরপত্র দেওয়ার নির্ধারিত দিনের আগের দিন নৌপরিবহন মন্ত্রণালয় কেন তা বাতিল করেছিল সেটা সত্যিই এক বড় প্রশ্ন। যথেষ্ট আগাম প্রস্তুতি নিয়েই দরপত্র ডাকার কথা, সে ক্ষেত্রে এক দিন আগে তা কেন বাতিল করতে হলো? এ ছাড়া পরবর্তী সময়ে যোগ্যতার শর্ত শিথিল করা, বিভিন্ন পর্যায়ে আপত্তি সত্ত্বেও দুটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা, মূল দরপত্রের ক্ষেত্রেও দফায় দফায় সংশোধন খুব স্বাভাবিক কারণেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দুর্নীতি বা অনিয়মের বিষয় না থাকলে এগুলো হওয়ার কথা নয়। অনিয়মের অভিযোগ এনে সরকারি দল আওয়ামী লীগের চট্টগ্রাম নগর সভাপতি যখন আন্দোলন শুরু করেছেন তখন একই দলের স্থানীয় দুই সাংসদ কেন এর বিরোধিতায় নামলেন, সেটাও এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঙ্গে স্বার্থের কোনো সম্পর্ক থাকার আশঙ্কা কি উড়িয়ে দেওয়া যায়?দুদকের শুরু করা তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই দরপত্র ডাকা নিয়ে যেসব ঘটনা ঘটেছে তাতে এটা মনে হওয়া খুব স্বাভাবিক যে রাঘববোয়ালেরা এর পেছনে না থাকলে এসব নয়ছয় সম্ভব হতো না। দুদকের পক্ষ থেকে বন্দর কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নথিপত্র তলব করা হয়েছে। আমরা আশা করব, বন্দর কর্তৃপক্ষ দুদকের এই তদন্তে পূর্ণ সহায়তা করবে। একই সঙ্গে এটাও সত্য যে এই তদন্ত কাজটি দুদকের জন্য একটি বড় চ্যালেঞ্জ। একটি বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে এ ক্ষেত্রে কোনো দুর্নীতি বা অনিয়ম হয়ে থাকলে তা খুঁজে বের করে অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করতে দুদক পিছপা হবে না সেটাও প্রত্যাশিত। দুদক কতটা স্বাধীন ও বিশ্বাসযোগ্যভাবে এই তদন্তের কাজ চালিয়ে যেতে পারে, আমরা সেটা দেখার অপেক্ষায় রয়েছি।