চট্টগ্রাম বন্দরে রুপি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে পণ্যের চালানে পৌনে তিন কোটি ভারতীয় রুপি উদ্ধারের ঘটনা বন্দরের নজরদারি ব্যবস্থাকে আরও আধুনিক ও কঠোর করার প্রয়োজনীয়তাকে তুলে ধরল। গত জুন মাসে তেলের চালানের কনটেইনারে তরল কোকেন শনাক্ত হওয়ার পর এবার পণ্যের চালানে মুদ্রা আনার চেষ্টার ঘটনাটি ধরা পড়ল। বোঝা যাচ্ছে, অবৈধ পণ্য আনার ক্ষেত্রে দুর্বৃত্তরা এখন এই বন্দরটি ব্যবহারের দিকে ঝুঁকছে।
চট্টগ্রাম বন্দরে মুদ্রা আটকের ঘটনাটির বিশেষ দিক হচ্ছে, ব্যক্তিগত ব্যবহারের পণ্যের আড়ালে মুদ্রা আনার চেষ্টা হয়েছে। সাধারণত আকাশ বা বিমানপথে আগে এ ধরনের চেষ্টার ঘটনা ঘটেছে। ধারণা করা যায়, আকাশপথে কাজটি কঠিন হয়ে যাওয়ায় বিকল্প পথ হিসেবে চট্টগ্রাম বন্দরকে বেছে নেওয়া হচ্ছে।
বাক্স খুলে মিলল পৌনে তিন কোটি রুপি, আটক ৫বন্দর দিয়ে অবৈধ পণ্য আনা-নেওয়া ঠেকাতে নজরদারির শুল্ক গোয়েন্দাদের সক্রিয় ভূমিকার পাশাপাশি প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করাও জরুরি। চট্টগ্রাম বন্দর দিয়ে যে পণ্য আসে, তা শতভাগ স্ক্যানিংয়ের আওতায় না আনতে পারলে দুর্বৃত্তরা এর সুযোগ নেবেই। শুধু গোয়েন্দা তৎপরতা বা তথ্যের ওপর ভিত্তি করে সব সময় এসব ঠেকানোর সুযোগ নেই। তরল কোকেন ও ভারতীয় রুপি উদ্ধারের ঘটনা ঘটেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। এ ধরনের আরও অনেক চালান যে গোয়েন্দা তথ্যের অভাবে পার হয়ে যায়নি, তা নিশ্চিত করে বলা কঠিন।
চট্টগ্রাম বন্দরে ভারতীয় রুপি উদ্ধারের ঘটনায় কনটেইনার খালাসের দায়িত্বে নিয়োজিত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। ব্যক্তিগত ব্যবহার্য পণ্য ঘোষণা দিয়ে দুবাই থেকে চালানটি যিনি এনেছেন, সেই শাহেদুজ্জামানকে আটক করা যায়নি। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, ভারতীয় রুপি বাংলাদেশে ব্যবহারের জন্য আনা হয়নি। রুপিগুলোর মধ্যে জাল রুপি থাকতে পারে বলেও তিনি অনুমান করছেন। ফলে যত দ্রুত সম্ভব শাহেদুজ্জামানকে গ্রেপ্তার করে প্রকৃত তথ্য বের করা এবং এর সঙ্গে অন্য কোনো দেশি বা আন্তর্জাতিক চক্র জড়িত কি না, তা খুঁজে বের করতে হবে।