অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত সোমবার সচিবালয়ে বন্দর সমস্যা নিয়ে এক বৈঠকে বলেন, ‘পণ্য খালাসের জন্য জাহাজকে বন্দরে অপেক্ষা করতে হয়, এটা খুবই লজ্জার বিষয়। এটা তো জাতীয় ক্ষতি। সময় নষ্ট হয়, বাড়তি খরচ গুনতে হয়।’ ওই বৈঠকে অন্যান্যের মধ্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানও উপস্থিত ছিলেন, কিন্তু তিনি নীরব ছিলেন।
অর্থমন্ত্রী যে কথাগুলো বলেছেন, এ ধরনের কথাই দেশের ব্যবসায়ী সম্প্রদায়, বিশেষত তৈরি পোশাক খাতের নেতারা অনেক দিন ধরে বলে আসছেন। গত মাসে তৈরি পোশাক খাতের নেতারা বন্দরের জাহাজজটকে ‘মহাবিপর্যয়কর’ বলে বর্ণনা করেছিলেন। সে সময় বন্দরের বহির্নোঙরে প্রতিদিন গড়ে ১৫টি জাহাজ অপেক্ষমাণ ছিল। সর্বশেষ গতকাল বুধবার সকালে জেটিতে ভেড়ার জন্য অপেক্ষা করছিল ২২টি জাহাজ। অর্থাৎ বন্দর পরিস্থিতির আরও বেশ অবনতি ঘটেছে।
এই পরিস্থিতিতে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা গত সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তাঁরা বলেন, চট্টগ্রাম বন্দরে টানা আড়াই মাসের জাহাজজটের কারণে পোশাকের কাঁচামাল পরিবহনকারী জাহাজগুলোকে পণ্য খালাসের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। ফলে পণ্যবাহী কনটেইনার জাহাজের ভাড়া বাবদ অতিরিক্ত মাশুল গুনতে হচ্ছে। উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা পণ্যের একটা বড় অংশ তৈরি পোশাকশিল্পের কাঁচামাল ও সরঞ্জাম। বন্দরে দীর্ঘ বিলম্বের কারণে এগুলো কারখানায় পৌঁছাতে দেরি হচ্ছে। ফলে উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত পুরো প্রক্রিয়াটি দীর্ঘায়িত। অর্থাৎ বিদেশি পোশাক ক্রেতাদের কাছে যথাসময়ে পণ্য সরবরাহের অঙ্গীকার ঝুঁকি বা অনিশ্চয়তায় পড়ে যাচ্ছে।
পোশাক খাতে বাংলাদেশের প্রতিযোগী দেশ, যথা ভিয়েতনাম, চীন, শ্রীলঙ্কা, ভারত ও কম্বোডিয়ার বন্দরব্যবস্থা আমাদের তুলনায় বেশ উন্নত। আমাদের বন্দরের এই পরিস্থিতি অব্যাহত থাকলে তৈরি পোশাক বাণিজ্য প্রতিদ্বন্দ্বী ওই সব দেশে চলে যেতে পারে, এমন আশঙ্কা বারবার ব্যক্ত করা হচ্ছে।
চট্টগ্রাম সমুদ্রবন্দরে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে এক দশক ধরে: পণ্য পরিবহন দিনে দিনে বেড়েছে, কিন্তু অবকাঠামো বাড়েনি। ২০০৭-০৮ অর্থবছরে কনটেইনার খালাস হয়েছে ১০ লাখ, ২০১৬-১৭ অর্থবছরে বেড়েছে তার দ্বিগুণের বেশি—২৪ লাখ ১৯ হাজার। অথচ ২০০৭ সালের পর সমুদ্রগামী জাহাজের জন্য কোনো জেটি নির্মাণ করা হয়নি। বর্তমান সরকার আট বছরের বেশি সময় ধরে ক্ষমতায় আছে, কিন্তু এসময়ে একটিও জেটি নির্মিত হয়নি। অবিলম্বে একটি জেটি নির্মাণ ও কনটেইনার রাখার চত্বর নির্মাণ করতে হবে, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করতে হবে এবং বন্দরের সার্বিক ব্যবস্থাপনার দক্ষতাও বাড়াতে হবে।