চট্টগ্রাম বন্দরের অদক্ষতা বিস্ময়কর মাত্রায় বেড়ে গেছে। বন্দরের অদক্ষতা ও বন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার মাশুল গুনছেন আমদানিকারক ব্যবসায়ীরা; এক বছরেই তাঁদের ক্ষতি হয়েছে ১ হাজার ১৯৫ কোটি টাকা। তাঁরা বিদেশি জাহাজ কোম্পানিগুলোকে এই অর্থ পরিশোধ করছেন কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায়। এতে শুধু তাঁদেরই যে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, তা নয়, আমদানি করা পণ্যের দামও বেড়ে যাচ্ছে, যা শেষ পর্যন্ত গিয়ে পড়ছে ভোক্তাসাধারণের ওপর।
দেশের প্রধান সমুদ্রবন্দরের যখন এই দুরবস্থা, তখন এর চেয়ারম্যান অ্যাডমিরাল এম এ খালেদ ইকবাল তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার মাত্র দুই সপ্তাহ আগে সদলবলে বিদেশ সফরে গেছেন ‘জ্ঞান আহরণের উদ্দেশ্যে; ফিরে এসে আহরিত জ্ঞান চট্টগ্রাম বন্দরের উন্নতিকল্পে কাজে লাগাবেন! কিন্তু আট দিনের সফর শেষে যখন তিনি ফিরে আসবেন, তারপর তাঁর সময় থাকবে আর মাত্র ছয় দিন। ৩০ জানুয়ারি তাঁর মেয়াদ শেষ হবে।
১৫ সদস্যের সফরকারী দলে নৌপরিবহন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির পাঁচজন সদস্যও আছেন। অথচ এই স্থায়ী কমিটি চট্টগ্রাম বন্দরের নজরদারি কর্তৃপক্ষ, তাদের দায়িত্ব বন্দরের জবাবদিহি নিশ্চিত করা। তাদের খতিয়ে দেখা উচিত বন্দরের চেয়ারম্যানসহ পুরো কর্তৃপক্ষ দেশের প্রধান সমুদ্রবন্দরটি দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরিচালনা করছে কি না।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার অভিযোগ অনেক পুরোনো; মাত্রাতিরিক্ত জাহাজের জট, পণ্য খালাসে অস্বাভাবিক মাত্রায় বিলম্ব, নিরাপত্তার অভাব ইত্যাদি নানা কারণে বহির্বিশ্বে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তির অবনতি ঘটেই চলেছে। কিন্তু বন্দর কর্তৃপক্ষ এসব সমস্যা সমাধানের কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে অবকাঠামোগত সীমাবদ্ধতার দোহাই দিয়ে থাকে। মেয়াদ শেষের মাত্র দুই সপ্তাহ আগে জ্ঞান আহরণের কথা বলে চেয়ারম্যানসহ অন্যদের বিদেশে প্রমোদভ্রমণে যাওয়ার দৃষ্টান্ত থেকেই অনুমান করা যায়, বন্দরের সমস্যাগুলোর দিকে তাঁদের কোনো দৃষ্টি নেই। এম এ খালেদ ইকবালের মতো চেয়ারম্যানদের দায়িত্বশীলতা ও জবাবদিহির কঠোরতর ব্যবস্থা দরকার।
কিন্তু দেশের প্রধান সমুদ্রবন্দরের এই দুরবস্থা গ্রহণযোগ্য নয়। প্রথমত, এর সামগ্রিক ব্যবস্থাপনার মান উন্নত করতে হবে, সে জন্য দক্ষ, দায়িত্বশীল ও সৎ ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে। বন্দরে লাইটার জাহাজ ও জেটির সংখ্যা বাড়ানোসহ অবকাঠামোগত ঘাটতিগুলো দূর করা প্রয়োজন।