বাংলাদেশে দুটি সমুদ্রবন্দর থাকলেও ৯০ শতাংশের বেশি পণ্য ওঠানামা করানো হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। কিন্তু এই বন্দর চলছে সেই পুরোনো ধারায়। দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরের সংস্কার ও সম্প্রসারণ নিয়ে ঢের কথাবার্তা হলেও এর সক্ষমতা তেমন বাড়েনি। ফলে আমদানি পণ্যে যেমন অতিরিক্ত খরচ পড়ে, তেমনি রপ্তানি পণ্যের লাভের অঙ্কও যায় কমে।
বন্দরে উৎপাদনশীলতা বা সক্ষমতা পরিমাপ করা হয় কনটেইনার ওঠানো-নামানোর সংখ্যা হিসাব করে। যে বন্দর দিয়ে যত দ্রুত তা ওঠানো-নামানো যায়, সেই বন্দরই অধিক সক্ষম। ২০১৩ সালের হিসাবে দেখা যায়, প্রতি ঘণ্টায় ১৩০টি কনটেইনার ওঠানামা করিয়ে চীনের তিয়ানজিন বন্দর শীর্ষে আছে। যদিও ২০১৪ সালের প্রথম ছয় মাসের হিসাবে ঘণ্টায় ১৩৮টি কনটেইনার ওঠানামা করিয়ে দুবাইয়ের জেবেল আলী বন্দর প্রথম স্থান দখল করেছে। ভারতের নভোসেবা বন্দর ঘণ্টায় ৯১টি কনটেইনার ওঠানামা করিয়ে ১৮তম অবস্থানে আছে। সে ক্ষেত্রে ২০১৩-১৪ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে গড়ে ঘণ্টায় কমবেশি ১৫টি কনটেইনার ওঠানো-নামানো অদক্ষতারই প্রমাণ।
উন্নত দেশের বন্দরগুলোর তুলনায় কনটেইনার ওঠানো–নামানোয় চট্টগ্রাম বন্দরের পিছিয়ে থাকাটা হয়তো অস্বাভাবিক নয়। কিন্তু প্রতিবেশী ভারত বা মালয়েশিয়ার বন্দরের চেয়ে অনেক কম কনটেইনার ওঠানো–নামানোর বিষয়টি মানা যায় না। সংশ্লিষ্ট ব্যক্তিরা এর কারণ হিসেবে পরিকল্পনা অনুযায়ী জাহাজ থেকে কনটেইনার ওঠানামা না করা, যন্ত্রপাতি নষ্ট বা রক্ষণাবেক্ষণের কাজে সময় নষ্ট হওয়া, ব্যবস্থাপনাগত ত্রুটি ও সমন্বয়হীনতার কথা উল্লেখ করেছেন। যেকোনো প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে চাই সুষ্ঠু পরিকল্পনা ও তার সফল বাস্তবায়ন।
সরকার পটুয়াখালীতে পায়রা নদীর মোহনায় তৃতীয় সমুদ্রবন্দর করার সিদ্ধান্ত নিয়েছে। এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। কিন্তু তার আগে বিদ্যমান বন্দর দুটির দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর প্রতি মনোযোগ দিন। পথের বাধা সরিয়ে নিন।