চট্টগ্রাম বন্দরের সক্ষমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকালের প্রথম আলোয় ‘তীব্র জাহাজজটে বেহাল বন্দর’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজজটের কারণে আমদানি করা পণ্য খালাসে অস্বাভাবিক মাত্রায় বিলম্বের ফলে আমদানিকারকদের গড়ে প্রায় ৮০ কোটি টাকা বাড়তি খরচ হচ্ছে। এই আর্থিক চাপ চূড়ান্ত পর্যায়ে ভোক্তাদের ওপরেই পড়ছে। আরও একটা গুরুতর বিষয় হলো, এ সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের তৈরি পোশাকশিল্প। কারণ, আমদানি পণ্যের একটা বড় অংশ এই শিল্পের কাঁচামাল ও সরঞ্জাম। বন্দরে দীর্ঘ বিলম্বের কারণে এগুলো কারখানায় পৌঁছাতে দেরি হচ্ছে। ফলে উৎপাদন থেকে শুরু করে রপ্তানি পর্যন্ত পুরো প্রক্রিয়াটি দীর্ঘায়িত। অর্থাৎ বিদেশি পোশাক ক্রেতাদের কাছে যথাসময়ে পণ্য সরবরাহের অঙ্গীকার ঝুঁকি বা অনিশ্চয়তায় পড়ে যাচ্ছে।

পুরো পোশাকশিল্পের জন্য এটা একটা উদ্বেগের বিষয়, এই শিল্পের প্রতিনিধিরা সেই উদ্বেগ ইতিমধ্যে প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, আমাদের বন্দরসুবিধা বাড়ানো না হলে বাংলাদেশের পোশাক খাতের ব্যবসা অন্যান্য দেশে চলে যাবে। লক্ষ করা দরকার, পোশাক খাতে বাংলাদেশের প্রতিযোগী দেশ যথা ভিয়েতনাম, চীন, শ্রীলঙ্কা, ভারত ও কম্বোডিয়ার বন্দরব্যবস্থা আমাদের তুলনায় বেশ উন্নত। তাদের বন্দরে জাহাজজট লেগে থাকে না।

আরেকটি ভাবনার বিষয় হলো, চট্টগ্রাম বন্দরের তীব্র জাহাজজটের খবর আন্তর্জাতিক ব্যবসায়ী মহলে পৌঁছে গেছে; সেই কারণে জাহাজ কোম্পানিগুলো কনটেইনারের ভাড়া বাড়িয়ে দিয়েছে। এটা শুধু আর্থিক ক্ষতিই নয়, বাংলাদেশের ভাবমূর্তির ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

চট্টগ্রাম সমুদ্রবন্দরের এই দুর্দশা হঠাৎ করে হয়নি। পণ্য পরিবহন দিনকে দিন বেড়েছে, কিন্তু অবকাঠামো-সুবিধা বাড়েনি। ২০০৭-০৮ অর্থবছরে কনটেইনার খালাস হয়েছে ১০ লাখ, ২০১৬-১৭ অর্থবছরে বেড়েছে তার দ্বিগুণের বেশি—২৪ লাখ ১৯ হাজার। অথচ ২০০৭ সালের পর সমুদ্রগামী জাহাজের জন্য কোনো জেটি নির্মাণ করা হয়নি।

চট্টগ্রাম বন্দরের বর্তমান দুর্দশা দ্রুত দূর করা দরকার এবং সে জন্য অবিলম্বে একটি জেটি নির্মাণ ও কনটেইনার রাখার চত্বর নির্মাণ করতে হবে, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করতে হবে এবং বন্দরের সার্বিক ব্যবস্থাপনার দক্ষতাও বাড়াতে হবে।