চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাচীন ভারতে গুরুগৃহে অধ্যয়ন সমাপ্ত করে কর্মজীবনে প্রবেশের আগে বিদ্যার্থীকে বিদ্যাশিক্ষার সমাপ্তিসূচক আনুষ্ঠানিক স্নান করানোর রেওয়াজ ছিল। এটি ছিল বাধ্যতামূলক আচার। এই আচারের মধ্য দিয়ে বিদ্যাশিক্ষা সম্পন্নকারীদের বলা হতো ‘স্নাতক’। প্রাচীন গুরুগৃহের সেই স্নান থেকেই আধুনিক গৌরবান্বিত ডিগ্রি স্নাতকের জন্ম। 

আধুনিক সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জনের পর একজন শিক্ষার্থীকে গায়ে গাউন চড়িয়ে মাথায় বিশেষ সম্মানসূচক টুপি পরিয়ে আনুষ্ঠানিকভাবে উত্তীর্ণ হিসেবে চূড়ান্ত স্বীকৃতি দেওয়া হয়। কেতাবি ভাষায় এটিকে সমাবর্তন বলা হয়। বিশ্বে সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেই সমাবর্তনের মাধ্যমে উত্তীর্ণের স্বীকৃতি দেওয়ার রেওয়াজ চালু আছে। বহু ক্ষেত্রে সমাবর্তনকে শিক্ষাক্রমেরই অপরিহার্য অংশ মনে করা হয়।

আশ্চর্য হওয়ার মতো খবর হলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর গত ৫৩ বছরে মাত্র চারবার সেখানে সমাবর্তন হয়েছে। সেখানে সর্বশেষ সমাবর্তন হয়েছে ২০১৬ সালে। তবে সেবার সমাবর্তনে অংশ নেওয়া স্নাতকদের সম্মানসূচক টুপি দেওয়া হয়নি। গাউনও কম পরেছিল। তা নিয়ে সবাই তখন ক্ষোভ প্রকাশ করেছিলেন। এরপর থেকে এ পর্যন্ত পাস করা ৩৫ হাজার শিক্ষার্থী সমাবর্তনের জন্য প্রতীক্ষা করছেন। কিন্তু সমাবর্তন শিগগির হবে এমন কোনো সম্ভাবনা না দেখায় তাঁদের মধ্যে হতাশা দেখা যাচ্ছে। 

সমাবর্তন ছাড়াই সনদ তুলতে কোনো অসুবিধা নেই, চাকরি–বাকরিতেও কোনো বাধা হয় না, তাই সমাবর্তন তেমন কোনো জরুরি বিষয় নয়—এই যুক্তি তোলা যেতেই পারে। এটি যুক্তি হিসেবে হয়তো জোরালো হতে পারে, কিন্তু সেই যুক্তির মাধ্যমে যে একজন শিক্ষার্থীকে প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করা হয়, তা–ও বিবেচনায় রাখা উচিত। 

একেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দেওয়া এবং সেই বরাদ্দের টাকা লুটপাট করার খবর পাবলিকের কান সওয়া হয়ে গেছে। সেই দিক বিবেচনায় নিলে সময়মতো সমাবর্তন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কী এমন খরচের মুখে পড়তে হয়, তা এক বিরাট প্রশ্ন। 

আনুষঙ্গিক সহায়তা, যথাযথ ভেন্যু কিংবা অর্থের অভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সময়মতো সমাবর্তন না করার পেছনে কারণ হতে পারে না। অথচ ঘুরিয়ে-ফিরিয়ে এগুলোকেই বড় কারণ হিসেবে দেখানো হচ্ছে। 

এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ৫২তম সমাবর্তন করেছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ১১তম সমাবর্তন করেছে গত মাসে। এসব বিশ্ববিদ্যালয় পারলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমন কি সমস্যা যে তা করা যাচ্ছে না? 

প্রশ্নটি গুরুত্বের সঙ্গে নেওয়া দরকার। হাজার হাজার শিক্ষার্থীর প্রাপ্য সম্মান বুঝিয়ে দেওয়ার জন্য দ্রুত সেখানে সমাবর্তন করার সিদ্ধান্তে আসা প্রয়োজন।