দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনিয়ম করে শিক্ষক নিয়োগ দেওয়া যেন নিয়ম হয়ে গেছে। এ নিয়ে প্রায়ই আলোচনা-সমালোচনা হলেও এর বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেই। এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই প্রতিষ্ঠানের অধীন কলেজে ১২ জন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার নিয়োগপ্রাপ্তরা কলেজে যোগও দিয়েছেন। খণ্ডকালীন শিক্ষক বলা হলেও নানা কৌশলে তাঁরা স্থায়ী হয়ে যান, অতীতে এমনটাই দেখা গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এ নিয়োগের প্রক্রিয়া শুরুর সময় আপত্তি তুলেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সে আপত্তি উপেক্ষা করেই নিয়োগ চূড়ান্ত করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রথম আলোর প্রতিবেদনে জানা যাচ্ছে, গত জুন মাসের শুরুতে এ অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হয়। পরদিনই ইউজিসি চিঠি পাঠিয়ে বলে, তাদের অনুমোদন ছাড়া বিশ্ববিদ্যালয়ে যেকোনো পর্যায়ের নিয়োগ বন্ধ রাখতে হবে। কিন্তু সেই চিঠিকে গুরুত্ব দিল না বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ আছে, নিয়োগ পাওয়া ১২ জনের মধ্যে ৩ জন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বাকিরা বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী শিক্ষক ও কর্মকর্তা, রাজনৈতিক নেতাদের সুপারিশে নিয়োগ পেয়েছেন।
এই নিয়োগ কমিটিতে সভাপতি ছিলেন উপাচার্য শিরীণ আখতার। নিয়োগ কমিটিতে থাকা প্রক্টর জানান, জরুরি ভিত্তিতে অনলাইনে ক্লাস পরিচালনা করতে শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ নিয়োগকে নৈতিকতাবিরোধী বলে মন্তব্য করেছেন ইউজিসির চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ। তাঁর মতে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা মেনে চলা উচিত। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পাঁচ শ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন মাত্র পাঁচজন। ফলে শিক্ষকের সংকট ছিল। তাই বলে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ কাম্য ছিল না। নিয়ম ও প্রক্রিয়া মেনে সেটি কেন হলো না?
সম্প্রতি আরেক প্রতিবেদনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের একটি ভবন নির্মাণের কাজ শেষ করতে চতুর্থ দফা সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ। যদিও প্রতিবার বলা হয়, নির্ধারিত সময়ে কাজ শেষ না করলে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ঠিকাদার অসমাপ্ত কাজে হাতই দেননি। কাজটি করছে বিতর্কিত ঠিকাদার ও যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমের প্রতিষ্ঠান। তারা জাল কাগজপত্র দিয়ে কাজটি হাতিয়ে নিয়েছিল বলে প্রমাণ পেয়েছে দুদক। করোনাকালে যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে আছে, হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তায় পড়েছে, সেখানে প্রতিষ্ঠানটিতে এমন অনিয়ম ও স্বেচ্ছাচারিতা চলছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আচার্য ও শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।