চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহীত নীতিমালা অনুযায়ী ঝুঁকিপূর্ণ একটি বিলবোর্ড ভাঙতে গেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এক নজিরবিহীন বাধার সম্মুখীন হন। নগর যুবলীগের নেতা-কর্মীরা তেড়ে আসেন। ম্যাজিস্ট্রেটের কাজে বাধা দেওয়ার জন্য তাঁদের শাস্তি হওয়ার কথা। কিন্তু সরকারি দলের নেতা বলে কথা। এ রকম বাধা নাকি প্রতিদিনই আসে। এর যদি শাস্তি না হয়, তাহলে তো কাল আবার একই জায়গায় বিলবোর্ড উঠবে। সমস্যার স্থায়ী সমাধান করতে হলে অন্যায় বাধাদানকারীদের আইনের আওতায় এনে তাঁদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।
যুবলীগের নেতার যুক্তি হলো, তাঁর বিলবোর্ডটি যদি ঝুঁকিপূর্ণ হয়, তাহলে রাস্তার অপর পাশে আরও কয়েকটি বিলবোর্ড একই কারণে কেন ভাঙা হবে না? ওই বিলবোর্ডগুলোর মালিকদের একজন যুবলীগের আরও বড় নেতা। পরে যুবলীগের দুই নেতার মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এমনকি এক নেতা অন্য নেতাকে পিস্তল বের করে হুমকি দেন।
বিলবোর্ড অপসারণে যুবলীগের বাধারাস্তার পাশে বিলবোর্ড পথচারীদের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই এগুলোকে ঝুঁকিপূর্ণ বলে সংজ্ঞায়িত করা হয়েছে। এখন যুবলীগের ছোট নেতার বিলবোর্ড ভাঙার পর যদি বড় নেতার বিলবোর্ড ভাঙা না হয়, তাহলে খোদ সিটি করপোরেশনই প্রশ্নবিদ্ধ হবে। বেলা গড়িয়ে যাওয়ায় নাকি ওই বিলবোর্ডগুলো ভাঙা যায়নি। তবে ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, সব অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ডই অপসারণ করা হবে। জনস্বার্থে এটা অবশ্যই করতে হবে। কিন্তু ক্ষমতাসীন দল যদি তাদের নেতা-কর্মীদের না সামলায়, তাহলে কাজটি হয়তো কঠিন হবে।
আসল সমস্যা হলো, চট্টগ্রামে বিলবোর্ড ব্যবসার প্রায় সবটাই যুবলীগের হাতে বন্দী হয়ে পড়েছে। এরা দলের প্রভাব খাটিয়ে নিজেদের মর্জিমতো সবকিছু করে। আইনকানুনের তোয়াক্কা করে না। এ অবস্থায় দলের নেতৃত্ব হাত গুটিয়ে বসে থাকতে পারেন না। যাঁরা ম্যাজিস্ট্রেটের কাজে বাধা দেন, যাঁরা পিস্তল দেখান, তাঁদের দল থেকে বহিষ্কারের পাশাপাশি শাস্তি হওয়া প্রয়োজন। সরকার ও তাঁদের দল কী করে, তা দেখার অপেক্ষায় থাকবে চট্টগ্রামের মানুষ।