চট্টগ্রামে পদদলিত হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে এসে যে দশটি প্রাণ অকালে ঝরে গেল, তাদের শোকসন্তপ্ত স্বজনদের প্রতি আমরা আমাদের গভীর সহানুভূতি ও সহমর্মিতা জানাই। এটি সর্বতোভাবে একটি ব্যবস্থাপনাগত ব্যর্থতার দুর্ভাগ্যজনক দৃষ্টান্ত।

এই কুলখানি মেজবানের মূল আয়োজকদের অধিকাংশেরই শোকাভিভূত থাকার কথা, আর সেটাই স্বাভাবিক। এরপরও মেজবানের ব্যবস্থাপনাগত ভুলের প্রাথমিক দায় তাদেরই নিতে হবে। কিন্তু চূড়ান্ত দায় সিএমপিসহ স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষগুলো এড়াতে পারে না। প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি জনসমাগম ঘটবে, সেটা জানা থাকা এবং সে অনুযায়ী সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব জেলা প্রশাসনের। তারা যদি একটু নজর দিত তাহলে সহজেই এটা ধরা পড়ত যে মোট ১৪টি কমিউনিটি সেন্টারের মধ্যে মাত্র একটিতে চট্টগ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের জন্য ভোজের আয়োজন করাটা বাস্তবসম্মত নয়।

প্রয়াত মহিউদ্দিন চৌধুরী শুধু আওয়ামী লীগের দলীয় ব্যক্তিত্ব নন, তিনি অনেকাংশে দলমত-নির্বিশেষে গণমানুষের নেতায় পরিণত হয়েছিলেন। বিশেষ করে তিনি সংখ্যালঘুদের কাছে আরও বেশি জনপ্রিয় ছিলেন। তাঁর জানাজায় লক্ষাধিক মানুষ অংশ নিয়েছিল। উপরন্তু চট্টগ্রাম শহরটিতে সংখ্যালঘুদের গড় সংখ্যাধিক্য এমনিতেই একটি ব্যতিক্রম।

জামালখান এলাকায় মেজবানের স্থান হিসেবে ঢালের নিচে অবস্থিত যে রীমা কনভেনশন সেন্টারকে বেছে নেওয়া হয়, তার আশপাশে সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস মোট জনসংখ্যার ৩০ শতাংশের কম নয়। তাই তাদের জন্য মাত্র একটি কমিউনিটি সেন্টার বরাদ্দ রাখাটাই ঠিক হয়নি। নিহত দশজনই সংখ্যালঘু সম্প্রদায়ের। সংখ্যালঘুদের জন্য আরও কয়েকটি কমিউনিটি সেন্টার নির্দিষ্ট করা থাকলে হয়তো এই বিয়োগান্ত ঘটনা জাতিকে প্রত্যক্ষ করতে হতো না।

আশা করব জেলা ও পুলিশ প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদনে সত্য উদ্ঘাটিত হবে এবং তা জনসমক্ষে দ্রুত প্রকাশ পাবে।