চট্টগ্রামে পাহাড় কাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামে নির্বিচারে পাহাড় কাটা চলছে। গত এক দশকে পাহাড়ধসে দুই শতাধিক মানুষের মৃত্যু এবং পরিবেশবাদীদের অব্যাহত প্রতিবাদ ও উদ্বেগের মধ্যে পাহাড় কেটে প্লট বানানোর মহোৎসব চলছে।

একটি দুটি স্থানে নয়, খুলশী, পাঁচলাইশ, ষোলোশহর, বায়েজিদ বোস্তামী, ফয়’স লেক, আকবর শাহ, লালখান বাজার, পাহাড়তলী  ও পলিটেকনিক এলাকাসহ বহু জায়গায় ধুমসে কর্তৃপক্ষের নাকের ডগায় পাহাড় কাটা চলছে। পরিবেশ আইন বলছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পাহাড় কাটা যাবে না। এবং অবৈধভাবে পাহাড় কাটার শাস্তি হিসেবে দুই বছরের জেল বা ২ লাখ টাকা জরিমানা এবং দ্বিতীয়বার অপরাধ করার শাস্তি ১০ বছরের জেল বা অনধিক ১০ লাখ টাকা জরিমানার বিধান করা হয়েছে। আইনে উভয় ক্ষেত্রে জেল ও জরিমানা দেওয়ার বিধান রাখা হয়েছে। কিন্তু ওই এলাকার চিহ্নিত পাহাড় দস্যুদের নামমাত্র জরিমানা করেই ছেড়ে দেওয়া হচ্ছে।

সম্প্রতি চট্টগ্রামের জেলা প্রশাসক মাত্র ১০ দিনের ব্যবধানে আড়াই একর পাহাড় নিধনের ঘটনা প্রত্যক্ষ করেছেন বলে পত্রিকান্তরে বেরিয়েছে। রোববার নগরীর বায়েজিদ থানায় দুটি পাহাড় কেটে সরকারি দলের দুই নেতা কীভাবে প্লট বানাচ্ছেন, তার সচিত্র বিবরণ বেরিয়েছে। প্লট লুটে কর্তব্যরত পুলিশও অংশ নিচ্ছে বলে সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে।

পাহাড় কাটা বন্ধ করতে চাইলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং একই সঙ্গে দোষী ব্যক্তিদের পরিবেশ আদালতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দৃষ্টান্ত তৈরি করতে হবে। পরিতাপের বিষয় যে ভূত তাড়ানো সরষের মধ্যেই ভূত ঢুকেছে। খোদ চট্টগ্রাম সিটি করপোরেশনের নেওয়া সরকারি আবাসিক প্রকল্পের (৫৪৮ প্লটযুক্ত) জমি কার্যত পাহাড় কেটেই তৈরি করা হয়েছে বলে অভিযোগ আছে। এক-এগারোতে প্রকল্পটি নিষিদ্ধ করা হলেও পুনরায় তা চালু করা হয়েছে।

 গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত পাহাড় কাটার অভিযোগে ১০ জনকে কারণ দর্শাও এবং আরও ৯ জনকে প্রায় ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের প্রশাসনিক ও বিচারিক উদ্যোগ পরিস্থিতির ভয়াবহতা ও ব্যাপকতার নিরিখে অত্যন্ত অপর্যাপ্ত। অতএব, অপরাধের ব্যাপকতার তুলনায় ন্যূনতম জরিমানা প্রকারান্তরে অপরাধীদের আরও উৎসাহিত করতে ভূমিকা রাখছে কি না, সেটাও খতিয়ে দেখার দাবি রাখে। কারণ, পাহাড় কেটে দেদার প্লট বিক্রি এবং সেখান থেকে লব্ধ মুনাফার তুলনায় দুই লাখ টাকা জরিমানা দিয়ে রেহাই পাওয়া লাভজনক।

আমরা মনে করি, সার্বিক বিচারে পাহাড় কাটা প্রশ্নে একধরনের দায়মুক্তি ও বিচারহীনতাই চলছে। চট্টগ্রামের পাহাড় তথা পরিবেশ রক্ষার জন্যই এর অবসান হোক।