চট্টগ্রামে শাসক দলের গৃহবিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো স্থানে রাজনৈতিক হাঙ্গামার খেসারত সাধারণ মানুষকেই দিতে হয়। কিন্তু সেই হাঙ্গামাটি যদি দেশের অর্থনীতির চালিকাশক্তি নামে খ্যাত চট্টগ্রাম বন্দর ঘিরে হয়, তা হলে উদ্বেগের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়।ঘটনার সূত্রপাত চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দরপত্র নিয়ে। ২০১০ সালের ১৭ ফেব্রুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী দরপত্র-প্রক্রিয়া বাতিল করে শর্ত শিথিল করা হয়। এরপর মন্ত্রণালয়ের নির্দেশে বারবার প্রাক-যোগ্যতার দরপত্র ও মূল দরপত্রের শর্ত সংশোধন করে মন্ত্রণালয় যে প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল, সংসদীয় কমিটি তা বাতিলের সুপারিশ করেছে। সরকারের ক্রয়-সংক্রান্ত রিভিউ প্যানেলও দরপত্র আহ্বান আইন অনুযায়ী হয়নি বলে মত দিয়েছে। এ নিয়ে চট্টগ্রামের শাসক দল আওয়ামী লীগে দেখা দিয়েছে গৃহবিবাদ। একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী, আরেক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাংসদ আবদুল লতিফ। বৃহস্পতিবার দুই পক্ষের যুদ্ধ-মহড়া ছিল এরই বহিঃপ্রকাশ।বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে কোনো প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হলেও টার্মিনাল মাল ওঠানো-নামানোর জন্য প্রস্তুত করতে ১৮ মাস সময় লাগবে। ফলে বর্তমান সরকারের বাকি মেয়াদে টার্মিনালটি চালু করা সম্ভব হবে না। নিউমুরিং কনটেইনার টার্মিনালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিয়ে মন্ত্রণালয় যে স্বেচ্ছাচারিতা চালাল, তার জবাব কী? বন্দরের একজন সাবেক সদস্য বলেছেন, ‘উদ্দেশ্যমূলকভাবেই নৌপরিবহন মন্ত্রণালয় এটি করেছে।’ মন্ত্রী বলেছেন, ‘কোনো প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার জন্য দরপত্রের শর্ত সংশোধন করা হয়নি।’ তা হলে দরপত্রের শর্ত কেন শিথিল করা হলো?দেশের বৃহত্তম কনটেইনার টার্মিনাল নিয়ে এ ধরনের তুঘলকি কাজকারবার মেনে নেওয়া যায় না। আমরা চাই, শর্ত শিথিল করে নয়; আগের নিয়মে যে প্রতিষ্ঠান যোগ্য বিবেচিত হবে, তাকেই অপারেটর হিসেবে নিয়োগ করা হোক। শর্ত শিথিলের প্রশ্ন তখনই আসে, যখন সব দরদাতাপ্রতিষ্ঠান শর্ত পূরণে ব্যর্থ হয়। এ ক্ষেত্রে সে রকম কিছু হয়নি, বরং বিশেষ প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্যই শর্ত শিথিল করা হয়েছে। বিষয়টি আদালতেও গড়িয়েছে। দেশের আমদানি-রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্মিনালটি শাসক দলের বিবাদ বা মন্ত্রণালয়ের স্বেচ্ছাচারিতার বলি হতে পারে না। এখানে প্রতিষ্ঠান হিসেবে চেম্বার বা রাজনৈতিক দলের ভূমিকা থাকার কথা নয়। বন্দর কেন দলীয় রাজনীতির কাছে জিম্মি হবে?মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে যত বিলম্ব করবে, ততই অঘটন ঘটতে থাকবে। কোনো বিশেষ প্রতিষ্ঠানের পক্ষে অবস্থান নেওয়ার তাগিদ তখনই আসে, যখন দুর্নীতি ও অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়। নৌপরিবহনমন্ত্রীর দাবি অনুযায়ী, প্রতিষ্ঠানবিশেষকে কাজ দেওয়ার জন্য যদি দরপত্রের শর্ত পরিবর্তন করা না হয়ে থাকে, কেন আড়াই বছর সময়ক্ষেপণ করা হলো? দেশের বৃহত্তম বন্দরটির নতুন টার্মিনাল অবিলম্বে চালু হোক—সেটাই সবার প্রত্যাশা।