চট্টগ্রামে হরতাল প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রহণযোগ্য দুটি দাবিতে বৃহত্তর চট্টগ্রামে জামায়াতে ইসলামীর ডাকা গত শনিবারের হরতাল সচেতন জনগণ প্রত্যাখ্যান করে জানিয়ে দিল, অযৌক্তিক দাবিতে মুহুর্মুহু হরতালের দিন শেষ হয়ে আসছে। যুদ্ধাপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাতিলের জন্যই মূলত জামায়াত হরতাল ডেকেছিল। যখন ঢাকার শাহবাগে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস, তরুণদের স্বতঃস্ফূর্ত আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়েছে, তখন চট্টগ্রামে হরতাল ডেকে জামায়াত আবারও প্রমাণ করল তারা জনগণের সঙ্গে নেই।যুদ্ধাপরাধের বিচার ও প্রকৃত অপরাধীদের সমুচিত শাস্তির দাবিতে আজ সারা দেশ গর্জে উঠেছে। আর জামায়াত তার বিরুদ্ধে দাঁড়িয়ে হরতাল ডাকছে। এরপর দলের নেতা-কর্মীরা গা ঢাকা দিয়ে প্রমাণ করেছেন যে জনসমর্থনহীন হরতালে তাঁদের নিজেদেরও আস্থা নেই। তাই তাঁদের রাজপথে দেখা যায়নি। তাঁরা সন্ত্রাসী তৎপরতার আশ্রয় নিয়েছেন। বিচ্ছিন্ন দু-একটি ঘটনায় বাস ভাঙচুর ও টেম্পোতে আগুন দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু দুপুরের মধ্যেই নগরের রাজপথে বাস-গাড়ি নেমে পড়ে। হরতাল ভেসে যায়।গণতন্ত্রে যদিও আন্দোলনের পদ্ধতি হিসেবে হরতাল ডাকা চলে, কিন্তু তার অর্থ এই নয় যে অযৌক্তিক কারণে অবিবেচকের মতো হরতালের ডাক দিতে হবে। প্রকৃতপক্ষে হরতাল না করে প্রতিবাদের শান্তিপূর্ণ পথ অবলম্বন করা উচিত। মানুষ বিশৃঙ্খলা চায় না। এখন এসএসসি পরীক্ষা চলছে। স্কুলগুলোতে নতুন বছরের পড়াশোনা শুরু হয়েছে মাত্র। এই সময় হরতাল ডাকার সুযোগ কোথায়? উপরন্তু, যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে হরতাল ডাকার তো প্রশ্নই আসে না। সে জন্য চট্টগ্রামের মানুষ হরতাল ভেঙে রাস্তায় নেমে এসেছে।এই ঘটনা দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা রেখে গেছে। মানুষ যে বাছবিচারহীন হরতাল, বাসে আগুন, গাড়ি ভাঙচুরসহ সহিংস পথে আন্দোলন চায় না, তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। রাজনৈতিক প্রতিবাদ, সভা-সমাবেশ নিশ্চয়ই হবে; কিন্তু অস্থিতিশীলতার দিকে যেন দেশকে ঠেলে দেওয়া না হয়, সে ব্যাপারে মানুষ এখন অনেক সচেতন। এই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোকে ভবিষ্যৎ কর্মসূচি দিতে হবে। হরতালের হাত থেকে দেশ বাঁচানো এখন বড় কর্তব্য।