চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে আগে কোনো মামলাই ছিল না। তবে বিচারক আছেন কিন্তু মামলা নেই, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। কারণ চাঞ্চল্যকর মামলা, বিশেষ করে যার সঙ্গে প্রভাবশালী ব্যক্তি বা কথিত শীর্ষ সন্ত্রাসীদের সম্পৃক্ততা থাকে, সেসব মামলাই দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয়। কিন্তু এখন সন্দেহের অবকাশ কম যে আইনপ্রণেতাদের লক্ষ্য অর্জন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সে কারণে উচিত হবে বিষয়টিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া।
বিএনপি আমলে এই আইন স্বল্প মেয়াদে করার সময় বিরোধী বেঞ্চে থাকা আওয়ামী লীগ কঠোর সমালোচনা করেছিল। কিন্তু তারা ক্ষমতায় এসে এর মেয়াদ বাড়িয়েছে।অর্থাৎ তারা এই ট্রাইব্যুনাল টিকিয়ে রাখার ব্যবস্থা করেছে। অথচ অপ্রিয় বাস্তবতা হলো, সরকার এবং সুপ্রিম কোর্টের তরফে এই ব্যবস্থায় যে অচলাবস্থা দেখা যাচ্ছে, সে বিষয়ে উদ্বেগ এবং তা অপনোদনে যথা উদ্যোগ নিতে দেখা যায় না। এর আগে দেশের আরও কয়েকটি স্থানে দ্রুত বিচার আদালতে মামলার অভাবে বিচারককে অলস সময় কাটাতে দেখা গেছে। এখন চট্টগ্রামে যে অচলাবস্থার তৈরি হয়েছে, তা দুর্ভাগ্যজনক। এই অবস্থা সংবিধান সমর্থন করে না।
দ্রুত বিচার ট্রাইব্যুনাল করাই হয়েছিল এই যুক্তিতে যে প্রচলিত বিচারব্যবস্থা মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে জবুথবু হয়ে পড়েছে।অথচ এমন সব মারাত্মক অপরাধ ঘটছে, যা এই মামলাজটকে কাজে লাগিয়ে বিচারকে দীর্ঘসূত্রতার মধ্যে ঠেলে দিচ্ছে। চট্টগ্রামের ২৭ চাঞ্চল্যকর মামলা, যা ১৩৫ কার্যদিবসে সুরাহা হওয়ার কথা, তা উচ্চ আদালতের স্থগিতাদেশে থমকে আছে।
সংবিধান অনুযায়ী হাইকোর্ট যেমন নিম্ন আদালতের বিচার–প্রক্রিয়া স্থগিত করতে পারেন, আবার তার ব্যবস্থাপনা ও শৃঙ্খলার সম্পূর্ণ দায়দায়িত্ব হাইকোর্টকেই দেওয়া হয়েছে। সংবিধানের ১১০ অনুচ্ছেদে বলা আছে, জনগুরুত্বপূর্ণ মামলা দ্রুত নিষ্পত্তির প্রয়োজনে তারাই বিচারিক আদালত হয়ে নিষ্পন্ন করতে উদ্যোগী হবেন। আশা করব, দেশের যেসব স্থানে দ্রুত বিচার ট্রাইব্যুনালে অচলাবস্থা বিরাজ করছে, তা নিরসনে সুপ্রিম কোর্ট অনতিবিলম্বে যথাপদক্ষেপ গ্রহণ করবেন।