চট্টগ্রামবাসী উন্নয়ন চেয়েছিল, তাদের দেওয়া হয়েছে এমন এক উড়ালসড়ক, যা কাজে আসছে না। উন্নয়নের জনপ্রিয় দাবিগুলো মেটানোর সময় বৈজ্ঞানিক সমীক্ষা ও গণমুখী পরিকল্পনা করা না হলে এমনই হওয়ার কথা। উন্নয়নের নামে অপচয় ও ভুলের খেসারত কিন্তু জনগণকেই দিতে হয়। বিপরীতে ব্যর্থতা ও ভুলের জন্য যারা দায়ী, তাদের জন্য রয়েছে দায়মুক্তি।
সম্প্রতি দুটি ঘটনায় পরিকল্পনার যথার্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করতে গিয়ে নিহত হয়েছেন চারজন। যে প্রকল্পের পরিবেশ ছাড়পত্রই হয়নি, সেখানে জবরদস্তি কেন? এদিকে চট্টগ্রামের এক আলোচনা সভায় চট্টগ্রাম নগরে নির্মাণাধীন ও নির্মিত উড়ালসড়কগুলোর কার্যকারিতা নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কর্তাব্যক্তিরা গুরুতর প্রশ্ন তোলেন। এ উড়ালসড়কগুলো চট্টগ্রামের যোগাযোগকে গতিশীল করা ও যানজট দূর করায় কার্যকর ভূমিকা রাখবে না বলে মত দেন প্রকৌশলী থেকে শুরু করে সাংসদ পর্যন্ত। উল্লেখ্য, ২০১২ সালে বহদ্দারহাটের উড়ালসড়ক নির্মাণের সময় গার্ডার ভেঙে ১৩ জনের মৃত্যু হয়। পরে এ নিয়ে তদন্ত কমিটি হলেও কেউ শাস্তি পেয়েছে বলে জানা যায় না।
উন্নয়ন অবকাঠামো বানানোর ব্যবসা নয়। কোনো স্থাপনা নির্মাণের আগে তার স্থান নির্বাচন, পরিবেশগত সমীক্ষা, জনস্বার্থের উপযোগিতা ও খরচের স্বচ্ছতার মতো বিষয় আগে নিশ্চিত করা উচিত। তড়িঘড়ি করে কিছু বানিয়ে সাময়িকভাবে প্রশংসা কুড়ানো যায়, কিন্তু মানুষ যদি সেবা না পায় তাহলে এগুলো বরং দুর্নামের বোঝাই বাড়াবে।
বন্দরনগরী চট্টগ্রামের উন্নতির ওপর বাংলাদেশের উন্নতিও নির্ভরশীল। বিশেষ করে চট্টগ্রাম বন্দর সম্প্রসারণ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আট লেন করা এবং অর্থনৈতিক অঞ্চল স্থাপনের মতো প্রকল্পগুলো জরুরি। কিন্তু উড়ালসড়ক নিয়ে
প্রশ্ন ওঠায় উন্নয়ন দর্শন ও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে নতুন করে ভাবনা প্রয়োজন। উন্নয়নের নামে বিপুল অর্থের অপচয় আর জনভোগান্তি বাড়ানো মেনে নেওয়া যায় না।