চট্টগ্রামের জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আড়ত ও পাইকারি বাজারের দোকানে যদি বর্ষা ও জোয়ারে এবং অমাবস্যা-পূর্ণিমায় পানি ঢোকে, তবে সেখানকার ব্যবসায়ীরা কোন পরিস্থিতিতে ব্যবসা করে আসছেন তা সহজেই অনুমেয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা নতুন কোনো সমস্যা নয়, দিনের পর দিন এভাবেই চলছে।
চট্টগ্রামের খাতুনগঞ্জ, চাক্তাই ও আছাদগঞ্জের ব্যবসায়ীরা জলাবদ্ধতা দূরসহ তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে রাস্তায় নেমেছেন। তাঁরা চান জলাবদ্ধতা দূর করতে অবিলম্বে নদী খনন ও স্লুইসগেট নির্মাণের উদ্যোগ নেওয়া হোক। চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতি মানববন্ধনের কর্মসূচি পালন করে কর্ণফুলী নদী ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনা, অবৈধ স্থাপনা অপসারণ, স্থায়ী পরিকল্পিত প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, পণ্যবাহী ট্রলার ও নৌকা চলাচলের সুবিধা রেখে চাক্তাই খালের মুখে স্লুইসগেট নির্মাণসহ সাত দফা দাবি তুলে ধরেছে।
ব্যবসায়ীদের এসব দাবি যৌক্তিক এবং যত দ্রুত সম্ভব তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া দরকার। দেখা গেছে, চট্টগ্রাম সিটি মেয়র নিজেই মানববন্ধনে অংশ নিয়েছেন এবং ব্যবসায়ীরা তাঁদের দাবিগুলো স্মারকলিপি হিসেবে তাঁর হাতে তুলে দিয়েছেন। মেয়রের উদ্দেশে আমরা বলতে চাই, মানববন্ধনে অংশ নিয়ে ব্যবসায়ীদের দাবিগুলোর ব্যাপারে সহানুভূতি প্রকাশই যথেষ্ট নয়। ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে যে দুর্ভোগের মধ্যে রয়েছেন, তাঁরা এর অবসান দেখতে চান।
অপরিকল্পিত উন্নয়ন, খাল দখল, ভরাটসহ পরিকল্পিত উদ্যোগের অভাবে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। সিটি মেয়র এই সমস্যা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বলে দাবি করেছেন। কিন্তু এ ধরনের অজুহাত দিয়ে নিজের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। নগর কর্তৃপক্ষের প্রধান হিসেবে সেখানকার সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ এবং সে জন্য সরকারের সঙ্গে দেনদরবার বা দরকারি তহবিল আদায় করা তাঁর দায়িত্বের মধ্যেই পড়ে। এই দায়িত্ব পালনে তিনি কতটুকু সফল হবেন, সেটাই এখন দেখার বিষয়।