চট্টগ্রামের জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের প্রকট জলাবদ্ধতার নেতিবাচক প্রভাব শুধু ওই নগরের বাসিন্দাদের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি দেশের প্রধান আন্তর্জাতিক সমুদ্রবন্দর; আমদানি-রপ্তানি তথা আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের প্রধান পথ এবং আমদানিকৃত ভোগ্যপণ্যের ৪০ শতাংশ খালাস করা হয় সেখানে। ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ ও চাক্তাই জলমগ্ন, সেখানকার ব্যবসায়ীরা বলছেন, ইতিমধ্যে তাঁদের শতকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আমদানিপণ্য জাহাজ থেকে খালাস করা বাধাগ্রস্ত ও বিলম্বিত হচ্ছে, পাইকারি বাজারগুলো থেকে দেশের বিভিন্ন রুটে ভোগ্যপণ্যের সরবরাহ ব্যবস্থায়ও নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

জলাবদ্ধতা চট্টগ্রাম নগরের পুরোনো সমস্যা। এ নিয়ে নগরবাসীর অভিযোগ-অসন্তোষও বহুল আলোচিত বিষয়। চট্টগ্রামের বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনের নির্বাচনকালীন অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল নগরের জলাবদ্ধতা দূর করা। তিনি দায়িত্ব গ্রহণ করার পর দুই বছর পূর্ণ হয়েছে। কিন্তু জলাবদ্ধতা সমস্যার সমাধান দূরের কথা; বরং বর্তমান দুরবস্থায় দৃশ্যমান হচ্ছে যে সমস্যাটি আরও প্রকট হয়েছে। একটু বৃষ্টিতেই নগরের অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, আর কয়েক দিন টানা বৃষ্টি হলে যে পরিস্থিতির সৃষ্টি হয়, তাতে নগর আর মানুষের বসবাসের উপযোগী থাকে না।

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতার কারণ এই যে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেই। সুতরাং এই সমস্যা সমাধানের উপায় হলো, পানিনিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গড়ে তোলা। এটা মোটেও অসম্ভব কাজ নয়। বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই বলে আসছেন কীভাবে পানিনিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। কর্ণফুলী নদী খনন করা দরকার। নগরে একসময় শতাধিক খাল ছিল, সেগুলো দিয়ে পানি নেমে যেতে পারত। কিন্তু দিনে দিনে অধিকাংশ খাল বেদখল ও ভরাট করা হয়েছে। বেদখল হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার করে খনন করতে হবে; সেগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। আর কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত খালগুলোর মুখে স্লুইসগেট বা জলকপাট বসাতে হবে। এ ছাড়া নগরজুড়ে অপরিকল্পিতভাবে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ বন্ধ করতে হবে।

কিন্তু এই সব কাজ একা কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের পক্ষে করা সম্ভব নয়। তাই চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসাসহ সব সেবা সংস্থাকে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে।