চট্টগ্রামের ট্রাইব্যুনালে বিচারকশূন্যতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের তিনটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মধ্যে দুটিতে বিচারক নেই, অথচ সেখানে নয় হাজারের বেশি মামলা বিচারাধীন। ঘটনাটি প্রহসনমূলক। কারণ, বিচারক ও মামলার যে অনুপাতকে স্বাভাবিক মনে করা হয়, তার চেয়ে চট্টগ্রামের ওই দুটি ট্রাইব্যুনালে এমনিতেই একটা চরম অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। দুজন বিচারক যত দিনে নয় হাজার মামলার নিষ্পত্তি করবেন, তাতে ওই এলাকার বিচারপ্রার্থীদের দ্রুত বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার যে দুর্বল হবে, তাতে সন্দেহের অবকাশ নেই। কিন্তু প্রশ্ন হলো, সেই বিলম্বিত বিচার লাভের প্রক্রিয়াও যে এখন অহেতুক থমকে আছে, আর সেটা কবে সচল হবে?
সম্প্রতি এক অপ্রীতিকর পরিস্থিতিতে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একজন বিচারককে আকস্মিক বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারও ছয় মাস আগে আরও একটি ট্রাইব্যুনালের পদ শূন্য হয়েছিল। দায়িত্বশীল সূত্রমতে, গত মাসে ওই বদলির সিদ্ধান্ত নেওয়ার সময় সুপ্রিম কোর্ট একত্রে দুজন বিচারককে চট্টগ্রামের দুই ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। নিয়ম হলো সরকার আদালতের এই আদেশ অবিলম্বে বাস্তবায়নে জিও (গভর্নমেন্ট অর্ডার) জারি করবে। কিন্তু শনিবার ওই সূত্র প্রথম আলোকে বলেছে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর আইন ও বিচার মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেয়নি। অনেক সময় সুপ্রিম কোর্টের এ-সংক্রান্ত প্রশাসনিক পরামর্শ সরকারের পক্ষে মানা অসুবিধাজনক হলে তার একটা উপযুক্ত কারণ ব্যাখ্যা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়ে থাকে। কিন্তু এ ক্ষেত্রে তা-ও করা হয়নি। আমরা আশা করব কোনো আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার ফাঁদে পড়ে জিও জারি করা যাতে আরও বিলম্বিত না হয়।
সারা দেশে অবশ্য আরও ১৫ থেকে ২০টি স্থানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের পদ শূন্য রয়েছে। জানামতে, বিষয়টি পদোন্নতিসংক্রান্ত একটি নীতিনির্ধারণী বিষয়ে আটকে আছে। এ ক্ষেত্রেও ফুলকোর্টের (হাইকোর্ট বিভাগ) সিদ্ধান্তের সঙ্গে সরকার একমত হতে পারছে না বলে প্রতীয়মান হচ্ছে। কিন্তু রূঢ় বাস্তবতা হলো, বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এমনিতেই অনেক ক্ষেত্রে এই ট্রাইব্যুনালে দায়ের করা মামলার বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন থাকে, সেখানে যদি ট্রাইব্যুনালের কার্যক্রমই অনির্দিষ্টকাল ধরে বন্ধ থাকে, তাহলে সত্য-মিথ্যা যাচাইয়ের কাজ আরও দুরূহ হয়।