চট্টগ্রামের পরিবেশ আদালতের কার্যক্রম কার্যত পরিবেশ অধিদপ্তরেরই একশ্রেণির কর্মকর্তা বাধাগ্রস্ত করে চলেছেন। পাহাড় কাটার মতো মামলায় কেউ দোষী সাব্যস্ত হলে তার ১০ বছরের সাজার সুযোগ আছে, সেখানে দেখা যাচ্ছে কারও সাক্ষ্য গ্রহণই প্রায় ১০ বছর ধরে আটকে আছে। তদন্ত প্রতিবেদন ও সাক্ষ্যতে ২৩৪টি মামলা আটকে থাকা, আবার ১৫৯টি মামলায় বছরের পর বছর যান্ত্রিকভাবে শুধু তারিখ পড়া ইত্যাদি ঘটনা ইঙ্গিতবহ যে, পরিবেশ আদালতকে পঙ্গু করে রাখার দায় প্রধানত পরিবেশ অধিদপ্তরকেই নিতে হবে।
এটা দুঃখজনক যে, এসব মামলার জট নিরসনে পরিবেশ আদালত পরিবেশ অধিদপ্তরকে অব্যাহতভাবে তাগিদ দিলেও তারা কখনোই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নেয়নি। যদিও তাদের তরফে যুক্তি হলো, তারা সাক্ষ্য এড়িয়ে চলা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারণ দর্শানো নোটিশ দিয়েছে। কিন্তু এটা খোঁড়া যুক্তি। বরং এটা তদন্তযোগ্য যে, নোটিশ দেওয়ার ঘটনার সঙ্গে পরিকল্পিতভাবে মামলা ঝুলিয়ে রাখার কোনো যোগসূত্র আছে কি না। পরিবেশ মন্ত্রণালয়ের কি কিছুই করণীয় নেই?
পরিবেশ অধিদপ্তরের ভূমিকা অনেকটা রোম যখন পুড়ছে তখন সম্রাট নিরোর বাঁশির সুর আরও মধুর হওয়ার মতোই একটি উপাখ্যান। পাহাড় কেটে আবাসিক প্লট, ইটভাটা বা পোলট্রি দূষণের মতো পরিবেশবিনাশী অবৈধ কাজের যখন উল্লম্ফন চলছে, তখন তারা মামুলি শোকজ ছাড়া কিছুই করেনি।
তাই এটা বলা অতিশয়োক্তি হবে না যে, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের গাফিলতি পরিবেশ দুর্বৃত্তদের অবৈধ স্বার্থকে সুরক্ষা দিয়ে চলছে। এটা বিস্ময়কর যে, সাক্ষ্য না দেওয়ার কারণে কোনো একজন কর্মকর্তার বিরুদ্ধেও বিভাগীয় মামলা পর্যন্ত শুরু হয়নি। যদিও বিভাগীয় মামলা রুজু হওয়াটাই পরিবেশ আদালতকে গতিশীল করার রক্ষাকবচ নয়, কিন্তু এটা না করা তাদের একটা অসদাচরণ বটে। এটাও কম দুর্ভাগ্যজনক নয় যে, পরিবেশ মন্ত্রণালয় এ বিষয়ে চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তরের কার্যকর কোনো জবাবদিহি নিশ্চিত করেনি। এই অচলাবস্থা আদালতের জন্যও অবমাননাকর, এর দ্রুত অবসান কাম্য।