চট্টগ্রামের সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ—এই তিন শিক্ষাপ্রতিষ্ঠানের সাতটি ছাত্রাবাস বছরের পর বছর বন্ধ থাকলেও কলেজ কর্তৃপক্ষ, তাদের নিয়ন্ত্রণকারী জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের নির্বিকার থাকাটা শুধু অস্বাভাবিক নয়, অমার্জনীয়। ১৯৮৯ সালে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের কারণে সরকারি কমার্স কলেজের একমাত্র ছাত্রাবাসটি বন্ধ হয়ে যায়। আর ২০১৫ সালের বিজয় দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ওই দুই ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষের পর কলেজের তিনটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাস এবং পাশের হাজী মুহাম্মদ মহসিন কলেজের দুটি ছাত্রাবাস বন্ধ করে দেওয়া হয়েছিল।
কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংঘর্ষ বা গোলযোগ দেখা দিলে নিরাপত্তার কারণে সাময়িকভাবে ছাত্রাবাস বন্ধ করে দেওয়ার বহু নজির আছে। কিন্তু কোনো ছাত্র সংঘর্ষকে কেন্দ্র করে একটি ছাত্রাবাস ৩০ বছর কিংবা ছয়টি হল পাঁচ বছর বন্ধ রাখার কী যুক্তি থাকতে পারে? কলেজ কর্তৃপক্ষ বলছে, রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে ছাত্রাবাসগুলো এখন খুলে দেওয়া হবে। এত দিন কেন তারা ঘুমিয়ে ছিল? যেই রাজনৈতিক পরিবেশে ছাত্রাবাসগুলো বন্ধ করা হয়েছিল, সেই পরিবেশ কি ৩০ বছর ধরে অব্যাহত ছিল? যে দুটি ছাত্র সংঘর্ষের কারণে ছাত্রাবাস বন্ধ করে দেওয়া হয়েছিল বলা হয়, তার একটি অর্থাৎ ছাত্রশিবিরের এখন প্রকাশ্য কোনো তৎপরতা নেই। দেশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানই এখন সরকার–সমর্থক ছাত্রসংগঠনটির নিয়ন্ত্রণে। তারপরও হলগুলো বন্ধ রাখার যুক্তি কী?
গত ৩০ বছরে সরকারি কমার্স কলেজের বন্ধ থাকা ছাত্রাবাসটি ইতিমধ্যে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। আর প্রায় পাঁচ বছর ধরে বন্ধ থাকা অপর সাতটি ছাত্রাবাস খুলে দেওয়া হলেও এখনই সেখানে শিক্ষার্থীরা উঠতে পারবেন না; সংস্কারের প্রয়োজন হবে। সাতটি ছাত্রাবাস খুলে দিলে সেখানে প্রায় কয়েক হাজার শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা হতো। যেসব ছাত্রছাত্রীর শহরে বাসা নেই এবং দূরদূরান্ত থেকে পড়তে এসেছেন, তাঁরাই ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন। বাইরে মেসে থাকলে খরচ অনেক বেশি পড়ে। এ ছাড়া নিরাপত্তার ঝুঁকিও আছে। বিশেষ করে দূরের মেস থেকে কলেজে এসে ক্লাস করা ছাত্রীদের জন্য বেশ কষ্টসাধ্য।
গত ৩০ বছরে অনেক সরকার গেছে, এসেছে। অনেক শিক্ষামন্ত্রী এসেছেন। কলেজগুলোতে অনেক অধ্যক্ষ এসেছেন, আবার মেয়াদ শেষে চলেও গেছেন। তাঁরা কমার্স কলেজের একমাত্র ছাত্রাবাসটি খুলে দেওয়ার উদ্যোগ নেননি। আর গত পাঁচ বছরে কেউ দুটি কলেজের ছয়টি ছাত্রাবাস খুলে দেওয়ার কোনো পদক্ষেপ নেননি। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, যিনি চট্টগ্রামেরই সন্তান, বলেছেন, কলেজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানালে মন্ত্রণালয় সার্বিক পরিস্থিতি বিবেচনা করবে। প্রশ্ন হলো, কলেজ কর্তৃপক্ষের আনুষ্ঠানিকভাবে জানানোর প্রয়োজনই-বা হবে কেন? তিনি কি সমস্যাটি নিজের চোখে দেখছেন না? রাজনৈতিক নেতা হিসেবে না হয় তিনি প্রশাসনিক দায়িত্ব এড়াতে পারতেন, কিন্তু মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সেই সুযোগ নেই।
কলেজ কর্তৃপক্ষ ওপরের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে। আর শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিক আবেদনের দোহাই দেবে—দায় এড়ানোর এই কৌশল অবশ্যই পরিহার করতে হবে। যে ছাত্রাবাস একেবারে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, সেটিকে সংস্কার বা নতুন করে নির্মাণ এবং বাকি ছয়টি অবিলম্বে খুলে দেওয়ার ব্যবস্থা করুন। দেশে আইনের শাসন ও শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে এভাবে হল বন্ধ রাখার কোনো পরিস্থিতি তৈরি হবে না। ছাত্রাবাস বন্ধ না রেখে যাঁদের কারণে পরিস্থিতির উদ্ভব হয়েছে, তাঁদের নিবৃত্ত করুন।