চট্টগ্রামের বেহাল সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী গত রোববার চট্টগ্রামে একটি পানি শোধনাগার প্রকল্প উদ্বোধন করতে না গেলে হয়তো তাঁরও চোখে পড়ত না। আর গণমাধ্যমেরও শিরোনাম হতো না। তিনি তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের মেয়রের কাছে কৈফিয়তও চেয়েছেন। মেয়র কী জবাব দিয়েছেন, আমাদের জানা নেই। তবে পূর্বসূরির ওপর দায় চাপিয়ে পার পাওয়া যাবে না। তাঁর মেয়াদের দুই বছর হতে চলল। এই সময়ে চট্টগ্রাম শহরের লাইফ লাইন–খ্যাত সড়কটি মেরামত করার উদ্যোগ কেন তিনি নিলেন না?

যে সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে, যে সড়ক দিয়ে বিদেশি ব্যবসায়ীরা চট্টগ্রাম শহরে যাওয়া–আসা করেন, সেই সড়কের এহেন অবস্থা মেনে নেওয়া যায় না। ব্যবসায়ীদের মতে, চট্টগ্রামে ব্যবসা-বাণিজ্যের প্রসার না ঘটার অন্যতম কারণ বিমানবন্দর সড়কের নাজুক অবস্থা।

প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়নকাজে অনিয়ম-দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। বন্দরনগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কটি এভাবে ফেলে রাখা কি অনিয়ম নয়? নানা মহলের দাবির মুখেও সিটি করপোরেশন কিংবা স্থানীয় সরকার মন্ত্রণালয় রা করেনি। প্রধানমন্ত্রীর সতর্ক বার্তার পরও কুম্ভকর্ণের ঘুম ভাঙবে কি?

কেবল চট্টগ্রামের বিমানবন্দর সড়ক নয়, রাজধানীরও অনেক গুরুত্বপূর্ণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাহলে সরকার দেশে ব্যাপক উন্নতির যে দাবি করছে, তা কি শুধুই বাগাড়ম্বর নাকি তাদের অগ্রাধিকার নির্ধারণে মারাত্মক গলদ রয়ে গেছে?