চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম দেশের প্রধান সমুদ্রবন্দরই নয়, ব্যবসা-বাণিজ্যেরও প্রাণকেন্দ্র। সমুদ্রপথে আমদানি-রপ্তানির শতকরা ৯০ ভাগের বেশি পণ্য আনা-নেওয়া হয় এই বন্দর দিয়ে। এ ছাড়া এখানে রয়েছে বিশাল সমুদ্রসৈকত, যাকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে শিল্পপার্ক ও অর্থনৈতিক অঞ্চল। কিন্তু বাস্তবতা হলো অবকাঠামো সমস্যাসহ নানা কারণে ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানায় চট্টগ্রামের হিস্যা ক্রমেই কমে যাচ্ছে।
সম্প্রতি প্রথম আলোর ধারাবাহিক প্রতিবেদনে চট্টগ্রামে শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্যের দুরবস্থার যে চিত্র উঠে এসেছে, তা উদ্বেগজনক। বিনিয়োগ বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১১ সালে চট্টগ্রামে দেশি-বিদেশি ২৫১টি শিল্পের নিবন্ধন হলেও ২০১৫ সালে তা নেমে ১৩১টিতে পৌঁছেছে। একদা চট্টগ্রামে তৈরি পোশাকশিল্পের ৪০ শতাংশ চট্টগ্রামে থাকলেও এখন তা ১৪ শতাংশে নেমে এসেছে। চট্টগ্রামের প্রধান ব্যবসাকেন্দ্র খাতুনগঞ্জও জৌলুশ হারাচ্ছে।
ব্যবসায়ীদের মতে, চট্টগ্রামে শিল্পকারখানা গড়ার প্রধান অন্তরায় জমির দুষ্প্রাপ্যতা। ঢাকার আশপাশে শিল্পকারখানার উপযোগী যে জমি বিঘাপ্রতি অনূর্ধ্ব ১৫ লাখ টাকায় পাওয়া যায়, চট্টগ্রামে সেটির দাম ৭৫ থেকে ৮০ লাখ টাকা। এ ছাড়া গ্যাস-বিদ্যুতের সংকট ও দুর্বল যোগাযোগব্যবস্থা তো আছেই। বিভিন্ন শিল্পপার্ক করেও উদ্যোক্তারা উৎপাদনে যেতে পারছেন না গ্যাস ও বিদ্যুতের অভাবে। সংকট উত্তরণে অবিলম্বে গ্যাস-বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি শিল্পকারখানার জন্য সরকারি উদ্যোগে জমির ব্যবস্থা করা জরুরি।
গেল শতকের নব্বইয়ের দশকে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা দেওয়া হলেও এর অবকাঠামো উন্নয়নে তেমন উদ্যোগ লক্ষ করা যায় না। অন্যান্য দেশে বাণিজ্যিক রাজধানীই হয়ে ওঠে ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র। কিন্তু আমাদের দেশে সবকিছু ঢাকাকেন্দ্রিক। শিল্পকারখানার নিবন্ধনসহ যেকোনো প্রশাসনিক সিদ্ধান্ত পেতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ঢাকায় আসতে হয়। এমনকি চট্টগ্রাম বন্দর থেকে আমদানি-রপ্তানি হওয়া পণ্যের ব্যাপারেও ব্যবসায়ীদের সচিবালয়ে ধরনা দিতে হয়। এ অবস্থায় চট্টগ্রামে ব্যবসা ও শিল্প প্রসারের স্বার্থে দ্রুত অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রশাসনিক বিকেন্দ্রীকরণের বিকল্প নেই। বাণিজ্যিক রাজধানীর কথা কেবল মুখে বললেই হবে না, কাজেও করে দেখাতে হবে।

আরও পড়ুন: