চরাঞ্চলের শিক্ষা কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়নের পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম যেভাবে চলছে, তা খুবই হতাশাজনক।

বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, দৌলতপুর উপজেলার চরাঞ্চল চরকাটারী ইউনিয়নের ৮০ নম্বর করিম মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫৫ নম্বর শিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম চলছে একটি টিনের ঘরে। ঘরটিতে একই সঙ্গে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো রকমে বসিয়ে পাঠদান করা হয়। এ ছাড়া ৮১ নম্বর করিম মোল্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে আরও দুটি বিদ্যালয়ের কার্যক্রম চলছে একটি টিনের ঘরে। আরেকটি বিদ্যালয় যমুনা চরকাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম চলছে চরকাটারী নতুনবাজারের একটি দোকানঘর ভাড়া নিয়ে। তিন বছর আগে এসব বিদ্যালয়ের ভবন নদীগর্ভে বিলীন হওয়ার পর থেকে এভাবেই চলছে সেগুলোর শিক্ষা কার্যক্রম। এভাবে পাঠদান করায় শিশুরা কতটুকু পড়ালেখায় মনোযোগ দিতে পারছে, তা সহজেই অনুমেয়। ফলে দিন দিন এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর অনুপস্থিতির হার বাড়ছে।

প্রশ্ন হচ্ছে পাঁচটি বিদ্যালয়ের ভবন গড়ে তুলতে কত সময় লাগে? নদীভাঙনের শিকার হওয়ার তিন বছর পরও এসব বিদ্যালয়ের অবকাঠামো গড়ে না ওঠাটা খুবই দুঃখজনক। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাহলে কী করছে? তারা কেন এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না? চরের শিশুদের প্রতি কেন এই অবহেলা?

সরকার দেশের সব মানুষের জন্য শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার করেছে। শিক্ষা গ্রহণের সুযোগকে সহজ ও অবারিত করতে নানা পদক্ষেপ নিয়েছে। বছরের শুরুতেই মাধ্যমিক পর্যায় পর্যন্ত সব শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে বই পৌঁছে দিচ্ছে, প্রযুক্তিগত জ্ঞানার্জনের জন্য সব বিদ্যালয়ে কম্পিউটার স্থাপন করেছে, নানা পর্যায়ে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে। কিন্তু চরাঞ্চলে এসবের কোনো প্রতিফলন বলতে গেলে নেই। তার ওপর সেখানে বর্ষা এলেই বিদ্যালয় জলমগ্ন হয় কিংবা ধসে পড়ে। তখন আর শ্রেণিকক্ষে পাঠদান চলে না। অনেক সময় ম্যাসব্যাপী বিদ্যালয় বন্ধ থাকে। ফলে পুরো বর্ষা মৌসুমেই বিদ্যালয়ে অনিয়মিত থাকায় চরাঞ্চলের শিশুরা অন্যান্য এলাকার তুলনায় শিক্ষায় পিছিয়ে পড়ে।

কিন্তু এভাবে তো চলতে পারে না। সরকারকে অবশ্যই চরাঞ্চলের শিশুদের শিক্ষার দিকে মনোযোগ দিতে হবে। নদীবাহিত পলি দিয়ে যেহেতু চরাঞ্চল গড়ে ওঠে, সেহেতু সেখানে বন্যার প্রকোপও থাকবে। সে ক্ষেত্রে বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের সময় চরাঞ্চলের বিদ্যমান ভৌগোলিক বৈশিষ্ট্য আমলে নিতে হবে। সেখানকার বিদ্যালয়ের ভবনগুলো তুলনামূলক উঁচু ও মজবুত করে নির্মাণ করতে হবে, যাতে পানিতে তলিয়ে বা ভেঙে না যায়।

দৌলতপুরের চরাঞ্চলসহ দেশের সব চরাঞ্চলের শিশুদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে শিক্ষা মন্ত্রণালয় কার্যকর উদ্যোগ গ্রহণ করবে, এ আমাদের প্রত্যাশা।