আজ ১ এপ্রিল, বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষা ও সংরক্ষণের অগ্রদূত মুক্তিযোদ্ধা ও শিল্পী এ কে এম আব্দুর রউফের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন একাধারে মুক্তিযোদ্ধা, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রতিষ্ঠাতা কিউরেটর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রথম লিপিকার ও শিল্পী। তিনি কথা বলতেন কম, সব সময় থাকতেন কাজে মগ্ন, আর সর্বক্ষণ মুখে লেগে থাকত একচিলতে হাসি। মনে পড়ে, আমি ২০০৩ সালের জুন মাসে প্রথমবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের পরপরই একবার চলচ্চিত্রসংশ্লিষ্ট বিশিষ্ট কিছু ব্যক্তিকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলাম অফিসে। উদ্দেশ্য ছিল ফিল্ম আর্কাইভের মূল কাজ, চলচ্চিত্র সংগ্রহে তাঁদের সহযোগিতা কামনা করা। আমাদের সেদিনের আলোচনাটা বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রথম কিউরেটর মুক্তিযোদ্ধা ও শিল্পী, প্রয়াত রউফ সাহেবের ছোটখাটো একটি স্মারক আলোচনায় রূপান্তরিত হলো। আর ২০০০ সালের ১ এপ্রিল বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। পরে রউফ সাহেবের সহকর্মী, গুণমুগ্ধ ছাত্রছাত্রী, দেশের সাংস্কৃতিক অঙ্গনের প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা, কূটনীতিক, শিল্পী-সাহিত্যিক, প্রবীণ সাংবাদিক, বুদ্ধিজীবী, নেতৃস্থানীয় চলচ্চিত্রকার, আর্কাইভের কর্মী, ফিল্ম আর্কাইভের নথিপত্র, তাঁর পরিবারের সদস্য, পত্রপত্রিকায় দেওয়া সাক্ষাৎকার—এসব উৎস থেকে জেনেছি, কী বিপুল শ্রম আর অসামান্য ত্যাগে তিল তিল করে বাংলাদেশে ‘ফিল্ম ইনস্টিটিউট অ্যান্ড আর্কাইভ’-এর ভিত্তি রচনা করেছিলেন এ অসাধারণ মানুষটি। এ সময় তাঁর নেতৃত্বে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংগৃহীত হয়েছে বাংলাদেশে নির্মিত প্রথম দিককার কাহিনিভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শত শত প্রিন্ট ও নেগেটিভ। শুধু বাংলাদেশ নয়, রউফ সাহেব তাঁর নেতৃত্ব ও সম্মিলিত প্রচেষ্টায় ভারতীয় বাংলা ছায়াছবিসহ বিশ্ব চলচ্চিত্রের প্রায় সব উল্লেখযোগ্য ছায়াছবির এক দুর্লভ ও ঈর্ষণীয় সংগ্রহ গড়ে তুলেছিলেন ফিল্ম আর্কাইভের সংগ্রহশালায়। পাশাপাশি সে সময়ে প্রায় সমান গুরুত্ব দিয়ে সংগৃহীত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র। রউফ সাহেব নিজেই চলচ্চিত্র সংগ্রহের জন্য বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি), চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি), বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আর চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর দুয়ারে দুয়ারে ধরনা দিয়েছেন। এভাবেই সংগৃহীত বা উদ্ধার করা হয়েছে বাংলাদেশের প্রথম কাহিনিচিত্র মুখ ও মুখোশসহ (১৯৫৬) উল্লেখযোগ্য বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো। এফডিসির গুদামের মধ্য থেকে উদ্ধার করা হয় প্রমথেশ বড়ুয়া নির্মিত দেবদাস (১৯৩৫) চলচ্চিত্রটির একমাত্র প্রিন্টটি। সে সময় তাঁরা যোগাযোগ করেছেন বাংলাদেশে অবস্থিত পৃথিবীর অন্যান্য দেশের দূতাবাসগুলোর সঙ্গেও। এভাবেই শুভেচ্ছার নিদর্শন হিসেবে বিশ্বের প্রথম চলচ্চিত্র লুমিয়ের ব্রাদার্সের ছোট ছোট নির্বাক ছবিগুলো (১৮৯৫), ভারতের প্রথম চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র (১৯১৩), পথের পাঁচালী (১৯৫৫), মেঘে ঢাকা তারা, আমেরিকার দ্য বার্থ অব এ নেশন ও নানুক অব দ্য নর্থ, রাশিয়ার ব্যাটলশিপ পোটেমকিন, মাদার, অক্টোবর, হাঙ্গেরির গোল্ডেন কাইট, জাপানের রশোমনসহ বিশ্ব চলচ্চিত্রের মাস্টারপিসসমূহ ফিল্ম আর্কাইভের সংগ্রহে যুক্ত হয়। শুধু সংগ্রহ নয়, সীমিত সামর্থ্যের মধ্যেও সে সময় চলচ্চিত্র সংরক্ষণের জন্য গড়ে তোলা হয় শীতাতপ ও আর্দ্রতা-নিয়ন্ত্রিত বিশেষায়িত ফিল্ম ভল্ট।বাংলাদেশে ‘ফিল্ম ইনস্টিটিউট ও আর্কাইভ’-এর প্রথম কিউরেটর হিসেবে রউফ সাহেবের সবচেয়ে বড় কৃতিত্ব বাংলাদেশে চলচ্চিত্র সংস্কৃতির এক বৈরী সময়ে দেশের বিশিষ্ট চলচ্চিত্র শিক্ষক ও নির্মাতা আলমগীর কবিরকে সঙ্গে নিয়ে তিনি দেশে প্রথমবারের মতো চলচ্চিত্র শিক্ষা ও প্রশিক্ষণের ভিত্তি রচনা করেন। সে সময়ে এ প্রতিষ্ঠানে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের বাঁক ফেরানো এক ঐতিহাসিক ঘটনা ঘটে ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স’, ‘উচ্চতর ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স’ ও ‘এনিমেশন চলচ্চিত্র পাঠ্যধারা’ শীর্ষক ছয়টি চলচ্চিত্র প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠানের মধ্য দিয়ে। প্রায় ৩০০ জন তরুণ এসব কোর্সে ভর্তির সুযোগ পেয়েছিলেন। তাঁরাই এখন বাংলাদেশের চলচ্চিত্রের বিভিন্ন শাখায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। পরবর্তীকালে ফিল্ম ইনস্টিটিউট অ্যান্ড আর্কাইভের চলচ্চিত্র প্রশিক্ষণের ঘটনা বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের ইতিহাসে যুগান্তকারী প্রভাব সৃষ্টি করে। এসব কোর্স থেকে প্রশিক্ষণ গ্রহণের ফলাফল: দেশের শিক্ষিত প্রজন্মের তরুণ চলচ্চিত্রকারদের হাত ধরে বাংলাদেশের চলচ্চিত্র-ইতিহাসে ‘দ্বিতীয় তরঙ্গ’ তথা ‘বিকল্প ধারার চলচ্চিত্র আন্দোলন’ সূচিত হয়। তখনকার সম্ভাবনাময় তরুণ ও আজকের প্রথিতযশা চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলাম, আক্তারুজ্জামান, তারেক মাসুদ, মানজারে হাসীন, শামীম আখতার প্রমুখ নির্মাতার চলচ্চিত্র নির্মাণ ও চলচ্চিত্র ভাবনার সূচনাই ঘটে এখান থেকে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে। রউফ সাহেব শুধু ‘ফিল্ম ইনস্টিটিউট অ্যান্ড আর্কাইভ’-এর প্রতিষ্ঠাতা ছিলেন তা-ই নয়, দীর্ঘকাল সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। চিত্রশিল্পী হিসেবেও তিনি ছিলেন প্রথিতযশা, ছিলেন দেশের অন্যতম সেরা ক্যালিওগ্রাফার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তাঁর হাতেই লিখিত হয় আমাদের জাতীয় সংবিধানের মূল কপি। সে সময়ের সব সাংসদের স্বাক্ষরসংবলিত সংবিধানের সেই মূল কপিটি এখন জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। তিনি আমাদের জাতীয় পতাকার ডিজাইন ও জাতীয় সংগীতের অর্কেস্ট্রেশন প্রক্রিয়ার সঙ্গেও যুক্ত ছিলেন। এ কে এম আব্দুর রউফের সর্বাপেক্ষা বড় পরিচয় তিনি একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা। যুক্তরাজ্যে কূটনৈতিক দায়িত্ব পালনের সময় ১৯৭১ সালে তিনি পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং পোস্টার, ব্যানার, পত্রিকা, ফেস্টুন, প্রচারপত্র প্রকাশ ও প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সপক্ষে মতামত গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধে সক্রিয় অবদান রাখেন। ২০১০ সালে দেশের সংস্কৃতির ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাঁকে মরণোত্তর একুশে পদক দেওয়া হয়। তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা।ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন: লেখক ও গবেষক।[email protected]