চলন্ত বাসে ধর্ষণচেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলন্ত বাসে ধর্ষণের ঘটনা দিল্লির ব্যাপার নয় আর, তা এখন স্বদেশি বাস্তবতা। মানিকগঞ্জে চলন্ত বাসে ধর্ষণ ঘটনার পর গত শুক্রবার সাভারে একই ধরনের ঘটনা ঘটেছে। এ ঘটনা আরও মর্মান্তিক এ কারণে যে ধর্ষকদের কাছ থেকে পালাতে গিয়ে মৃত্যুবরণ করেছে ওই নারী। সাভার-আশুলিয়া-মানিকগঞ্জে এমনিতেই অপরাধের মাত্রাটা বেশি। তার ওপর মারাত্মক হয়ে উঠেছে নারী নিপীড়ন ও যৌন অপরাধের ঘটনা। সাভারের শিমুলতলা এলাকায় গত শুক্রবার রাতে বাসের নিচে পিষ্ট হয়ে মারা গেছেন ১৯ বছর বয়সী এক গৃহবধূ। নববিবাহিত দম্পতি রাতে আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য সাভার বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। গন্তব্য জেনে পরিকল্পিতভাবে বাস নিয়ে এসে সেখানে তাঁদের ওঠানো হয়। পরিকল্পিতভাবেই ওই দম্পতি নবীনগর পার হওয়ামাত্রই বাসের দরজা ও বাতি বন্ধ করে স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। অসহায় অবস্থায় ওই নারী বাসের জানালা দিয়ে লাফিয়ে বাঁচার চেষ্টা করে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান। আরও ভয়ংকর হলো, সাভার থানার পুলিশ ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা হিসেবে দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। কিছুদিন আগে সাভার-আরিচা মহাসড়কে এ রকম আরেকটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় এক ফেরিওয়ালার হস্তক্ষেপের কারণে আক্রান্ত এক পোশাকশ্রমিক বেঁচে যান।চলন্ত বাসে বা রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ক্রমাগত বাড়ছে। সাভার-আশুলিয়া ও মানিকগঞ্জে লাখ লাখ পোশাকশ্রমিকের বসবাস। যেখানেই অল্প বয়সী নারীদের অবস্থান বেশি, সেখানেই তাঁদের নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা দরকার ছিল। এই দায়িত্ব যেমন কারখানার মালিকের, তেমনি স্থানীয় প্রশাসন ও পুলিশের। কিন্তু দেখা যায়, যাঁদের ওপর জনগণের সেবা ও নিরাপত্তার ভার, তাঁরাই এসব ঘটনায় নির্বিকার থাকেন। অপরাধ তাঁদের হাত দিয়ে না হলেও, তাঁদের কারও কারও কারণে অপরাধ ঘটতে পারছে এবং অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। প্রকৃত অপরাধীর পাশাপাশি এঁদেরও তাই অপরাধের পরোক্ষ দায় নিতে হবে। দায়িত্বে অবহেলার শাস্তি দিতে হবে। কঠিন শাস্তি এবং সর্বোচ্চ নজরদারি ছাড়া যৌন অপরাধ কমানো সম্ভব নয়।এই মানিকগঞ্জেই গত শনিবার যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা করা হয়েছে। অন্যদিকে মৌলভীবাজারের জুড়ীতে দাখিল পরীক্ষার্থী ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিদিনের সংবাদপত্রে এ রকম একাধিক ঘটনার কথা জানা যাচ্ছে। আরও অনেক ঘটনা থাকছে আড়ালে। সব মিলিয়ে গত বছরের তুলনায় এ বছর নারীর নিরাপত্তার পরিস্থিতি মোটেই অনুকূল হয়নি। আর কত মর্মান্তিক নিষ্ঠুরতা ঘটলে নারীর জন্য ঘর ও বাহিরকে নিরাপদ করায় সরকার সর্বোচ্চ শক্তি নিয়ে এগিয়ে আসবে?ধর্ষণের অপরাধে লঘু শাস্তি বা বিচার না হওয়ার নজিরই বেশি। ধর্ষণের শিকার ব্যক্তিকেই অপরাধ প্রমাণের দায় দিয়ে রাখলে এবং বিচার-প্রক্রিয়ায় অসম্মানকর পরিস্থিতি বজায় থাকলে কীভাবে সুবিচার হবে? ধর্ষকদের দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি হোক। নারী নির্যাতন প্রতিরোধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে সরকারকেই।