জনগণ দেশের রাজনৈতিক সংকটে বিদেশি হস্তক্ষেপ চায় না। কিন্তু বেদনার সঙ্গে লক্ষ করা গেছে যে, অতীতে বিবদমান দলগুলো নিজেদের স্বার্থে বিদেশিদের দ্বারস্থ হতে কুণ্ঠিত হয়নি। গত ৫ জানুয়ারির পর থেকে অবরোধ, হরতাল ও মানুষ পুড়িয়ে মারার পাশবিকতা এবং অর্থনীতি তছনছ হওয়ার যেসব ঘটনা ঘটছে, তা থেকে পরিত্রাণ চাইলে দেশের রাজনীতিকদেরই উদ্যোগী হতে হবে।
রাজনীতিকদের ইচ্ছার বাইরে কোনো বিদেশি ফর্মুলাই নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে সংকট উত্তরণে সহায়ক হওয়ার কথা নয়। কিন্তু রূঢ় বাস্তবতা হলো রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণেই দেশের অচলাবস্থা কাটছে না এবং বিদেশি বন্ধু ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নসিহত শুনতে হচ্ছে। সর্বশেষ বিএনপির নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণের কথা উঠেছে। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সংকটের সমাধানে বাংলাদেশকেই পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন।
এখন সরকারকেই এটা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে যে অচলাবস্থা ও সন্ত্রাস বন্ধ করতে না পারলে তার দায় প্রধানত তাদের ওপরই বর্তাবে। দেশের অবস্থা এতটাই নাজুক যে চলমান ঘটনাকে কেবল আইনশৃঙ্খলাজনিত সমস্যা বলে কিংবা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর সব দায় চাপিয়ে পার পাওয়া যাবে না। আবার বিরোধী দল যদি মনে করে থাকে যে নাশকতা ও সন্ত্রাসের ওপর নির্ভর করেই তারা আন্দোলনে জয়ী হতে পারবে, সেটিও ভুল হবে।
দলমত–নির্বিশেষে সবার লক্ষ্য হওয়া উচিত দ্রুত দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা। এ ক্ষেত্রে সরকার ও বিরোধী দল নিজেরা বসে একটা সমঝোতায় আসতে পারলে সবচেয়ে ভালো, অন্যথায় তৃতীয় পক্ষের মাধ্যমেও তারা কথাবার্তা বলতে পারে। সে জন্য সন্ত্রাসের কাছে মাথা নত না করেও চলমান সমস্যার যে রাজনৈতিক দিক রয়েছে, সেটি সরকারকে স্বীকার করতে হবে। বিরোধী দলকেও বুঝতে হবে সন্ত্রাসী কর্মকাণ্ডই আন্দোলন নয়।