চলাচলের অনুপযোগী ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাকে এখন আর চলাচলের যোগ্য কোনো শহর বলে বিবেচনার সুযোগ নেই। যানজট বা যানজটে রাস্তাঘাট স্থবির হয়ে পড়ারও মাত্রা থাকে। ঢাকার পরিস্থিতি সব যৌক্তিক মাত্রা ছাড়িয়ে গেছে। গতকাল সোমবার ও গত রোববার যাঁরা অসহনীয় যানজটে পড়েছিলেন, তাঁরা তা হাড়ে হাড়ে টের পেয়েছেন। বাস্তবতা হচ্ছে, এ ধরনের অবস্থা থেকে খুব সহজে রেহাই পাওয়া যাবে, সে আশাও করা যাচ্ছে না। এমন উদ্যোগ দেখা যাচ্ছে না, যার ওপর ভরসা করে বলা যাবে যে একটি নির্দিষ্ট সময় পর পরিস্থিতির উন্নতি হবে।
এই জনবহুল শহরের জন্য যে ধরনের একটি পরিকল্পিত, সমন্বিত ও সুশৃঙ্খল পরিবহনব্যবস্থা প্রয়োজন, তার ছিটেফোঁটাও নেই। কোনো ধরনের নিয়ন্ত্রণ ও পরিকল্পনাহীনতার সুযোগে ঢাকায় যানবাহনের চাপ যেমন বাড়ছে, তেমনি ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়েছে। যানবাহন চলাচলে বিশৃঙ্খলা চরম আকার ধারণ করেছে। ট্রাফিক আইন প্রতিপালনেরও উদ্যোগ নেই, বরং পুলিশই অনেক ক্ষেত্রে উল্টো পথে গাড়ি চলা বা এ ধরনের আইন ভঙ্গের নানা সুযোগ তৈরি করে দেয়।
আজকের যানজটের নেপথ্যেযানবাহনের তুলনায় রাস্তা কম, সে কারণে যানজট—এটা বাস্তবতা। কিন্তু ঢাকার সড়কগুলোর শতকরা কত ভাগ যান চলাচলের জন্য ফাঁকা আর কত ভাগ দখল অবস্থায় থাকে, সেই বিবেচনাটি খুবই জরুরি। আইনের যথাযথ প্রয়োগ এবং সঠিক ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে পরিস্থিতি অনেক সহনীয় করা সম্ভব। বিশ্বের বড় বড় শহরে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ ও বাস্তবমুখী পরিকল্পনা নেওয়ার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
ঢাকা শহরে গতিশীলতা বাড়ানোর জন্য ফ্লাইওভার বানানো বা মেট্রোরেলের মতো প্রকল্পের প্রয়োজন রয়েছে ঠিকই, কিন্তু সবার আগে প্রয়োজন ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা ও ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা। একই সঙ্গে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে না পারলে ঢাকা চলাচলের অনুপযোগী শহরে পরিণত হবে।