সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) পিছিয়ে পড়া ও অনগ্রসর চা-শ্রমিকের সন্তানদের বিশেষ কোটায় ভর্তির যে সিদ্ধান্ত নিয়েছে, তা নিঃসন্দেহে স্বাগত জানানোর মতো। প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, শাবিপ্রবিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে স্নাতকে ‘চা-শ্রমিক কোটা’য় চারজন করে শিক্ষার্থী ভর্তি করা হবে। একই সঙ্গে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ‘সিলেট চা জনগোষ্ঠী ছাত্র-যুব কল্যাণ পরিষদ’ নামে একটি সংগঠন অনেক দিন ধরে শাবিপ্রবিসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে চা-শ্রমিকের সন্তানদের জন্য ৫ শতাংশ কোটার দাবি জানিয়ে আসছিল। তাদের দাবির পরিপ্রেক্ষিতে শাবিপ্রবি এ সিদ্ধান্ত নেয়। তাদের এ সিদ্ধান্ত প্রশংসা পাওয়ার দাবি রাখে।
দেশের অর্থনৈতিক উন্নতি ও সুনাম বৃদ্ধিতে দেড় শতাধিক বছর ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন চা-শ্রমিকেরা। কিন্তু তাঁরা সব ধরনের সুযোগ থেকে বঞ্চিত। চা-বাগানের অনেক শিশু কোনোমতে জোড়াতালি দিয়ে পঞ্চম শ্রেণি পাস করলেও মাধ্যমিক স্তরে গিয়ে ঝরে পড়তে থাকে। মূলত বিদ্যালয়গুলোর অবস্থান দূরে হওয়া এবং অভাবের কারণেই এই ঝরে পড়া। কারণ, পঞ্চম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ আছে। মাধ্যমিক স্তরে গেলে খরচ বেড়ে যায়। যেখানে শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ৮৫ টাকা, সেখানে টাকা খরচ করে ছেলেমেয়েদের স্কুলে পাঠানোর কথা অনেকেই ভাবেন না। উচ্চশিক্ষা গ্রহণ তো দূরের কথা। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও দলিত শ্রেণিসহ বিভিন্ন জনগোষ্ঠীর জন্য কোটা থাকলেও চা-শ্রমিকদের সন্তানদের জন্য এত দিন কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো কোটা ছিল না। চা-শ্রমিকদের সন্তানদের উচ্চশিক্ষা গ্রহণের বিষয়টি বরাবর উপেক্ষিত থেকেছে। এটা খুবই দুঃখজনক, কোনোভাবেই কাম্য ছিল না। সরকারের উচিত ছিল এ ব্যাপারে আরও আগে দৃষ্টি দেওয়া।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের চা-শ্রমিকের সন্তানদের জন্য বিশেষ কোটা চালুর সিদ্ধান্ত তাদের মধ্যে উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে। শাবিপ্রবিকে অনুসরণ করে দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চা-শ্রমিকের সন্তানদের বিশেষ কোটায় ভর্তির উদ্যোগ নিতে পারে।
মনে রাখতে হবে, একটি দেশের তখনই সত্যিকারের উন্নতি হয়, যখন দেশের সব মানুষ শিক্ষার সুযোগ পাবে। কোনো একটি অংশকে অন্ধকারে রেখে দেশের উন্নতি সম্ভব নয়। তাই দেশের সব বিশ্ববিদ্যালয়েরই উচিত চা-শ্রমিকের সন্তানসহ অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর সন্তানদের জন্য কোটা পদ্ধতি চালু করা। সরকারি চাকরির ক্ষেত্রেও অনগ্রসর জনগোষ্ঠীর কথা মাথায় রাখতে হবে। চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের দিকেও সরকারকে দৃষ্টি দিতে হবে। মজুরি বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার উদ্যোগ নিতে হবে।