চাঁদপুরের রেলস্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় চাঁদপুর শহর। শহরটিতে কয়েক বছর ধরে ভাঙন দুশ্চিন্তা তৈরি করেছে। তবে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে একটি স্থায়ী প্রকল্প নিয়ে সরকারের পরিকল্পনায় চাঁদপুরবাসী আশান্বিত হলেও রেলস্টেশন সম্প্রসারণের একটি প্রকল্প শঙ্কা তৈরি করেছে। এ নিয়ে সেখানে চলমান বড় কয়েকটি প্রকল্প ও উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে রীতিমতো জগাখিচুড়ি পরিস্থিতি তৈরি হয়েছে। রেলের প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়িত হলে তা তো নদীতে তলিয়ে যাবেই, গোটা চাঁদপুর শহরই অস্তিত্বের সংকটে পড়ে যাবে।

প্রথম আলোর প্রতিবেদনে জানা যাচ্ছে, চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডে রেলস্টেশন সম্প্রসারণ করতে চায় কর্তৃপক্ষ। রেলওয়ের ভাষ্য, এর ফলে বরিশালসহ দক্ষিণাঞ্চলের মানুষজন নৌপথে এসে চাঁদপুর থেকে সহজে দেশের পূর্বাঞ্চলের চট্টগ্রাম ও সিলেটে যেতে পারবেন। সঙ্গে চাঁদপুরের বিখ্যাত ইলিশ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো সহজ হবে, যা থেকে রেলওয়ের কোটি কোটি টাকা আয় হয়। কিন্তু তাদের এ প্রকল্প কতটুকু যৌক্তিক? স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা বলছেন, তিন নদীর মোহনার সে জায়গাটির পর্যটন গুরুত্ব রয়েছে। স্থানটি এমনিতেই ঝুঁকিপূর্ণ, সেখানে রেলস্টেশন সম্প্রসারণ কীভাবে হয়। বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক হলেও পিছিয়ে আসতে নারাজ রেল কর্তৃপক্ষ।

চাঁদপুর শহরের সবচেয়ে আকর্ষণীয় স্থান এই মোলহেড। মুক্তিযুদ্ধের একটি বধ্যভূমিও সেখানে আছে। তিন নদীর মোহনায় হওয়ায় স্থানটি এমনিতেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দেশের সর্ববৃহৎ ইলিশ অবতরণকেন্দ্রসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং কয়েক শ ঘরবাড়ি রয়েছে। সবই ঝুঁকির মধ্যে। শহরের পাশে একসময় ১৮ কিলোমিটার চওড়া ছিল মেঘনা নদী। এখন তা সংকুচিত হয়ে দেড় কিলোমিটারে চলে এসেছে। বিভিন্ন স্থানে অসংখ্য চর জাগায় ছোট হয়ে গেছে নদী। পানির চাপ ও বেগ বৃদ্ধি, ঘূর্ণির ফলে ক্রমাগত প্রতিরক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ১৯৯৪ সালেও মোলহেড পর্যন্ত ছিল রেলস্টেশন ও লঞ্চ টার্মিনাল। সেগুলো তখনই নদীগর্ভে চলে গেছে। এরপর আবারও সেখানে নতুন করে আধুনিক লঞ্চ টার্মিনালসহ নদীবন্দর করা হচ্ছে। রেলস্টেশন সম্প্রসারিত হলেও মোলহেড আর রক্ষা সম্ভব নয় বলেই আশঙ্কা করা হচ্ছে। আর তিন নদীর প্রবাহের চাপ ধরে রাখা মোলহেড না থাকলে চাঁদপুর শহরের অর্ধেকই চলে যাবে নদীগর্ভে।

শহরের পুরান বাজারের দক্ষিণাংশে মেঘনার পারেই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার কাজ শুরু হয়েছে। এরপর রয়েছে ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চাঁদপুর-হাইমচর রক্ষা বাঁধ। মোলহেডকে টিকিয়ে রাখা না গেলে নদীভাঙনের কারণে সব উন্নয়নকাজই ঝুঁকির মুখে পড়বে। এমন স্পর্শকাতর জায়গায় একরোখাভাবে রেলস্টেশন সম্প্রসারণ না করে আরও যাচাই–বাছাই করা উচিত বলে আমরা মনে করি। কিন্তু চাঁদপুর শহরই যদি টিকে না থাকে, কী হবে এসব উন্নয়ন প্রকল্পের।