সারা দেশের পরিবহন খাতে ব্যাপক চাঁদাবাজি একটা স্থায়ী ব্যবস্থার অংশ হয়ে উঠেছে—এ কথা কারও অজানা নয়। তাই এসব চাঁদাবাজির খবর সংবাদমাধ্যমে আজকাল কম দেখা যায়। সংবাদ সৃষ্টি হয় কেবল তখনই, যখন চাঁদাবাজি নিয়ে বিভিন্ন গোষ্ঠী ও মহলের মধ্যে বিরোধ-বিবাদ-সংঘাত বেধে যায়। অথবা কোনো মহল সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে।
গত শনিবার রাজধানীতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের নেতারা সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ করেছেন, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কজন কেন্দ্রীয় নেতার নেতৃত্বে রাজধানীর চারটি বাস টার্মিনাল থেকে মাসে ১২ কোটি টাকা করে চাঁদা তোলা হচ্ছে। অভিযোগকারীদের দাবি, চাঁদাবাজে নেতৃত্বদানকারী ওই ব্যক্তিরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অবশ্য ফেডারেশনের সাধারণ সম্পাদক এই অভিযোগ অস্বীকার করেছেন।
খোদ আওয়ামী লীগের প্রবল সরকারের আমলে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত কয়েকজন নেতার নেতৃত্বে এই বিপুল চাঁদাবাজি চলছে—এ অভিযোগ থেকে বেশ কৌতুকপূর্ণ একটা বিষয়ের আভাস মেলে। দেশবাসী দেখে আসছে, ক্ষমতাসীন দল ও তার অঙ্গসংগঠনগুলোর ভেতরের কোন্দলে বিভিন্ন গ্রুপ পরস্পরকে ঘায়েল করতে পরস্পরের গায়ে বিএনপি-জামায়াতের তকমা লাগানোর চেষ্টা করে। আসলে মাসে ১২ কোটি টাকা চাঁদাবাজি ক্ষমতাসীনদের সহযোগিতা-পৃষ্ঠপোষকতা ছাড়া চলতে পারে—এটা বিশ্বাসযোগ্য নয়। সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী সড়ক পরিবহন শ্রমিকের অভিভাবক হিসেবে খ্যাতিমান। তিনি কী করছেন? তা ছাড়া, এ দেশে আইনকানুন বলে কিছুরই অবশিষ্ট নেই? সরকার, প্রশাসন, পুলিশ—কিছুই কি নেই?
যদি থাকে তাহলে তাদের দায়িত্ব-কর্তব্য কী? ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত মানুষের মানবাধিকার হরণ করা, তাদের সহায়সম্পত্তি জবরদখল করা, এমনকি তাদের ওপর নির্যাতন-হত্যার ঘটনাও দিন দিন বেড়ে চলেছে। ক্ষুদ্র জাতিসত্তার মানবাধিকারবিষয়ক সংগঠন কাপেং ফাউন্ডেশন তাদের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করেছে, ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের খুন হওয়া ও জমি হারানো—উভয়ই বেড়েছে।
সব মিলিয়ে যে জবরদস্তি বা বলপ্রয়োগের সংস্কৃতি আমাদের গ্রাস করে আছে, তা থেকে মুক্ত হওয়া দরকার। সরকার ও ক্ষমতাসীন দলকেই সে দায়িত্ব নিতে হবে।